কলকাতা: 'ফিরে এলে এক ঘন্টার মধ্যে ইস্তফা দেব', শনিবার বিকেলে তৃণমূলের বিদ্রোহীদের সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর সেই চ্যালেঞ্জের পাল্টা জবাব দিলেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবী, আগে পদত্যাগ করে দেখান অভিষেক৷
শনিবার কালীঘাটে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অভিষেক বলেন, 'যাঁদের সমস্যা রয়েছে, তাঁরা যদি বলেন যে, দলের এই পারফরম্যান্সের জন্য বা পরাজয়ের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়ী হয়, তাহলে ২০২৪ (লোকসভা নির্বাচন)-এ তৃণমূল কংগ্রেস যে ২৯ টা আসন পেয়েছে, তার কৃতিত্বও আমার। যদিও হারের দায় আমার হয়, তাহলে জেতার কৃতিত্বও আমার।'
অভিষেক বলেন, "আমাকে নিয়ে যাঁদের সমস্যা, তাঁদের অনুরোধ করব। আজকে ১৮ তারিখ, আপনি (বিদ্রোহীরা) ১৯, ২০ বা ২১ তারিখ আসুন। যবে আসার আসুন, আজকেই চলে আসুন। আপনারা ফিরে আসুন আমি ১ ঘন্টার মধ্যে ইস্তফা দিয়ে দিচ্ছি।"
বিধানসভা নির্বাচনের পর প্রথমবার তৃণমূলের অন্দরে অভিষেকের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলে বিদ্রোহ ঘোষণা করেছিলেন দুই বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা৷ এদিন অভিষেকের এই মন্তব্যের জবাব দিতে গিয়ে তৃণমূল শীর্ষ নেতাকে পাল্টা কটাক্ষ করেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়৷ বিরোধী দলনেতা বলেন, ‘আজকের মন্তব্য ও গতকালের মন্তব্যের মধ্যে বিস্তর ফারাক রয়েছে। গতকাল বলেছিলেন, লুটেরারা সব ভয়ে চলে গেছে, অথচ আজ আবার তাঁদেরই ফিরে আসার কথা বলছেন। একই বিষয়ে পরপর দু’দিনের বক্তব্যে স্ববিরোধিতা রয়েছে।’
অভিষেকের মন্তব্যের প্রসঙ্গ টেনে ঋতব্রত আরও বলেন, "২০২৪ সালের নির্বাচনের জয়ের কৃতিত্ব নিজেই নিয়েছেন। যদি ২০২৪ সালের সাফল্যের কৃতিত্ব নিজের হয়, তাহলে ২০২৬ সালের ফলাফলের দায়ও নেওয়া উচিৎ। ন্যূনতম লজ্জাবোধ থাকলে সাধারণ সম্পাদক ও লোকসভায় দলনেতার পদ থেকে পদত্যাগ করা উচিৎ। পদত্যাগের বদলে ভাষণ দেওয়া উচিৎ নয়।"
বেআইনি নির্মাণের অভিযোগে অভিষেকের আমতলার কার্যালয়ে এদিন বুলডোজার অভিযান চালিয়েছে প্রশাসন। এ প্রসঙ্গে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, "সবকিছু ধীরে ধীরে স্পষ্ট হয়ে যাচ্ছে, তথাকথিত 'মডেল'-এর আসল চেহারা সামনে এসেছে। আমাদের বক্তব্য স্পষ্ট, আগে পদত্যাগ করুন।"

No comments:
Post a Comment