ওয়ার্ল্ড ডেস্ক, ২৭ জুলাই ২০২৬: ফুড ফেস্টিভ্যালে এলোপাথাড়ি গুলি। এতে তিন জনের মৃত্যু হয়েছে এবং আরও ৪ জন আহত হয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রে ঘটেছে এই ঘটনা। রবিবার সন্ধ্যায় (স্থানীয় সময়) সিয়াটলের ডাউনটাউনে ঐতিহাসিক স্পেস নিডলের কাছে অনুষ্ঠিত একটি খাদ্য মহোৎসব তথা ফুড ফেস্টিভ্যালে এই গোলাগুলির ঘটনা ঘটেছে। শহরের দমকল বিভাগের একজন মুখপাত্র জানিয়েছেন, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা এখনও আশঙ্কাজনক।
পুলিশ এই ঘটনায় একজন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে এবং আরেকজনের সন্ধান করছে। তদন্তকারীরা মনে করছেন, দুই সন্দেহভাজন একে অপরকে লক্ষ্য করে গুলি চালাচ্ছিল। যদিও একজন এখনও পলাতক রয়েছে। সিয়াটল পুলিশের সহকারী প্রধান টাইরন ডেভিস রবিবার রাতে এক সংবাদ সম্মেলনে জানান যে, জনসাধারণের জন্য কোনও চলমান হুমকি নেই। তিনি এও বলেন, পুলিশের কাছে পলাতক সন্দেহভাজনের কোনও বিবরণ নেই। ডেভিস বলেন, “আমরা এখনও বিষয়টি বোঝার চেষ্টা করছি।”
পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে এবং উত্তর-পশ্চিমের এই শহরের ঘটনাস্থল থেকে লোকজনকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে। পুলিশের মতে, সন্ধ্যা ৬টার দিকে সিয়াটল সেন্টারে অনুষ্ঠিত 'বাইট অফ সিয়াটল' খাদ্য মহোৎসবে হঠাৎ করেই গোলাগুলির ঘটনা ঘটে। হারবারভিউ মেডিকেল সেন্টারের মুখপাত্র সুসান গ্রেগ বলেছেন, আহত চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে: একজন ছোট শিশু, একজন ২৩ বছর বয়সী পুরুষ এবং দুজন প্রাপ্তবয়স্ক নারী। তিনি আরও জানান, তাঁদের মধ্যে একজনের অবস্থা এখনও আশঙ্কাজনক।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় এবং তৃতীয়জন হাসপাতালে মারা যান। সিয়াটল ফায়ার ডিপার্টমেন্টের মুখপাত্র গ্রেস নুনেজ জানান, ২ বছর বয়সী এক বালক-সহ আহত চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি আহতরা প্রাপ্তবয়স্ক। ডেভিস বলতে পারেননি যে, মৃতদের মধ্যে কেউ এই সংঘর্ষে জড়িত ছিলেন কি না।
ঘটনাটি সম্পর্কে খবর পাওয়ার সাথে সাথেই বিপুল সংখ্যক পুলিশ এবং জরুরি পরিষেবা কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি খালি করার কাজ শুরু করে। প্রত্যক্ষদর্শী অ্যাশটন ওয়াকোনাবো বলেন, তিনি তাঁর বান্ধবীর সঙ্গে একটি ফটো বুথের লাইনে দাঁড়িয়ে ছিলেন, এমন সময় কেউ তাঁকে পেছন থেকে ধাক্কা দেয় এবং তিনি পেছনে তাকিয়ে দেখেন, বহু মানুষ প্রাণ বাঁচাতে দৌড়াচ্ছেন।
ওয়াকোনাবো বলেন, "লোকেরা লুকানোর চেষ্টা করছিলেন, একে অপরকে ধাক্কা দিচ্ছিলেন, অনেকে মাটিতে পড়ে যাচ্ছিলেন এবং শিশুদের স্ট্রলারগুলো উল্টে যাচ্ছিল।" তিনি বলেন, তখনই তিনি গুলির শব্দ শুনতে পান। ওয়াকোনাবো জানান, তিনি প্রথমে তাঁর বান্ধবীকে নিরাপদ স্থানে নিয়ে যান এবং তারপর ছবি তোলার জন্য ঘটনাস্থলে ফিরে আসেন। সেখানে তিনি বেশ কয়েকজনকে আহত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন। এই গুলি কাণ্ডে বেশ আতঙ্ক ছড়িয়েছে ওই এলাকায়।
প্রসঙ্গত, বার্ষিক 'বাইট অফ সিয়াটল' খাদ্য মহোৎসবটি ১৯৮২ সালে শুরু হয়েছিল। আয়োজকদের ওয়েবসাইট অনুসারে, প্রতি বছর প্রায় ৩,৫০,০০০ মানুষ এই তিন দিনের অনুষ্ঠানে খাবার, পানীয় এবং সামাজিক উদযাপন উপভোগ করতে আসেন।

No comments:
Post a Comment