ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার কর্মী ও পেনশনভোগীদের জন্য বড়সড় ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। আগামী ১ অক্টোবর, ২০২৬ থেকে বাড়তে চলেছে মহার্ঘ ভাতা (DA) এবং মহার্ঘ ত্রাণ (DR)। এ বিষয়ে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর নির্দেশিকা জারি করেছে।
নতুন নির্দেশিকা অনুযায়ী, ষষ্ঠ বেতন কমিশনের সংশোধিত বেতন কাঠামোর আওতায় থাকা ত্রিস্তর পঞ্চায়েতের পূর্ণসময়ের কর্মী এবং পেনশনভোগী ও পারিবারিক পেনশনভোগীরা ১ অক্টোবর থেকে মূল বেতনের ৩৮ শতাংশ হারে DA/DR পাবেন। DA গণনার ক্ষেত্রে মূল বেতনের সঙ্গে NPA থাকলে সেটিও যুক্ত হবে। তবে অন্য কোনও ভাতা এই হিসাবের মধ্যে ধরা হবে না।
অন্যদিকে, এখনও পঞ্চম বেতন কমিশনের প্রাক্-সংশোধিত কাঠামো অনুযায়ী বেতন পাওয়া কর্মীদের জন্য DA-এর হার ১৭১ শতাংশ থেকে বাড়িয়ে ২২৩ শতাংশ করা হয়েছে। একইভাবে, ROPA 2009 অনুযায়ী প্রাক্-সংশোধিত হারে পেনশন বা পারিবারিক পেনশন পাওয়া ব্যক্তিরাও ২২৩ শতাংশ হারে DR পাবেন।
দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করা কর্মীদের ক্ষেত্রেও বাড়তি সুবিধার ঘোষণা হয়েছে। ন্যূনতম মজুরি আইনের আওতায় না থাকা সংশ্লিষ্ট দৈনিক মজুরিভিত্তিক কর্মীদের পারিশ্রমিক প্রতিদিন ১১০ টাকা বাড়ানো হবে। এই বৃদ্ধিও কার্যকর হবে ১ অক্টোবর থেকেই।
নির্দেশিকায় আরও জানানো হয়েছে, হিসাবের পর DA বা DR-এর যে ভগ্নাংশ থাকবে, তা নিকটবর্তী পূর্ণ টাকায় পরিণত করা হবে।
ফলে অক্টোবর থেকে পঞ্চায়েত স্তরের কর্মী এবং পেনশনভোগীদের প্রাপ্য অর্থের পরিমাণ বাড়বে।
এদিকে, রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের বকেয়া DA নিয়েও শুক্রবার গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বকেয়া মহার্ঘ ভাতা প্রদানের দাবিতে অল বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশন (ABTA)-এর করা মামলার শুনানিতে বিচারপতি অমৃতা সিনহা রাজ্যের কাছে স্পষ্ট পরিকল্পনা চেয়েছেন।
আদালতের নির্দেশ, ABTA-র দাবি অনুযায়ী বকেয়া DA কবে থেকে এবং কীভাবে দেওয়া হবে, তার নির্দিষ্ট সময়সূচি ও পরিকল্পনা রাজ্যকে জানাতে হবে। এ বিষয়ে আগামী ১৭ সেপ্টেম্বরের মধ্যে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
অর্থাৎ একদিকে পঞ্চায়েত কর্মী ও পেনশনভোগীদের DA-DR বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর হতে চলেছে, অন্যদিকে স্কুলশিক্ষক ও শিক্ষাকর্মীদের বকেয়া DA নিয়েও রাজ্য সরকারের কাছে আদালতের স্পষ্ট জবাব চাওয়া হয়েছে।

No comments:
Post a Comment