মঞ্চে খাড়গে, গোয়া কংগ্রেসের অনুষ্ঠানে অসম্পূর্ণ 'বন্দে মাতরম' গাওয়া নিয়ে ফের বিতর্ক! তোপ বিজেপির - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, August 18, 2026

মঞ্চে খাড়গে, গোয়া কংগ্রেসের অনুষ্ঠানে অসম্পূর্ণ 'বন্দে মাতরম' গাওয়া নিয়ে ফের বিতর্ক! তোপ বিজেপির


ন্যাশনাল ডেস্ক, ১৮ আগস্ট ২০২৬: স্বাধীনতা দিবসে বন্দে মাতরম গাওয়া নিয়ে কংগ্রেস বিতর্কে জড়িয়েছিল। এবারে জাতীয় গীত নিয়ে আবারও খবরের শিরোনামে এসেছে দলটি। দাবী করা হচ্ছে যে, সোমবার কংগ্রেসের গোয়ার বৈঠকে অসম্পূর্ণ বন্দে মাতরম গাওয়া হয়েছে। দলের আধিকারিক ও কর্মীরা কেবল প্রথম দুটি স্তবকই গেয়েছিলেন। উল্লেখ্য, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও সেখানে উপস্থিত ছিলেন।


স্বাধীনতা দিবসে, বন্দে মাতরম গাওয়ার সময় কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী কিছু ইশারা করেন। দাবী করা হয়েছিল যে, কংগ্রেস সদর দফতরে সম্পূর্ণ বন্দে মাতরম গাওয়ার বিষয়ে তিনি আপত্তি জানিয়েছিলেন। এর পরে, গোয়ায় অনুষ্ঠিত সভায় বন্দে মাতরমের কেবল প্রথম দুটি স্তবক গাওয়া হয়। এই নিয়ে কংগ্রেস আবারও বিতর্কে জড়িয়ে পড়েছে। খাড়গের উপস্থিতিতে অসম্পূর্ণ বন্দে মাতরম গাওয়া নিয়ে কংগ্রেস দলের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।


বিজেপি মঙ্গলবার (১৮ আগস্ট) কংগ্রেস দলকে নিয়ে একটি পোস্ট শেয়ার করেছে। এতে লেখা হয়েছে, "এটা কোনও ভুল নয়, এটা একটা ভাবনা! 'বন্দে মাতরম' নিয়ে কংগ্রেসের লজ্জাজনক অবস্থান! 'আমি এটা আগে কখনও গাইনি, আর কখনও গাইবও না।' যখন কংগ্রেস নেতাদের মুখ থেকে জাতীয় গীতের বিরুদ্ধে এমন বিষোদগার বের হয়, তখনই বোঝা যায় ঘৃণাটা কতটা গভীর। গোটা দেশ সোনিয়া ও রাহুলের এই মানসিকতা দেখছে! দেশ জাতীয় গীতের এই অপমান দেশ কখনও ক্ষমা করবে না!"



গোয়া কংগ্রেস বিধায়ক এলটন ডি'কোস্টা অসম্পূর্ণ বন্দে মাতরমের বিষয়ে বলেছেন, "আমি এ নিয়ে বেশি কিছু বলতে চাই না। আমাদের সভাপতি ইতোমধ্যেই জবাব দিয়েছেন; আমাদের দেশপ্রেম কারও কাছে প্রমাণ করার দরকার নেই। আমাদের দলের নেতারা এই দেশকে কতটা ভালোবাসেন, তা ব্যাখ্যা করারও প্রয়োজন নেই।"


কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বন্দে মাতরম ইস্যুতে কংগ্রেস দলকে কটাক্ষ করেছেন। তিনি সোনিয়া গান্ধীর বিরুদ্ধে বন্দে মাতরমকে অপমান করার অভিযোগ করেছেন। রবিবার রাজস্থানের চিতোরগড়ে অমিত শাহ বলেন যে, এর জন্য কংগ্রেসের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর আত্মার কাছে ক্ষমা চাওয়া উচিৎ। তিনি অভিযোগ করেন যে, ভোটব্যাঙ্কের লোভে কংগ্রেস দল বন্দে মাতরমকে ভুলে গেছে।


উল্লেখ্য, ১৫ই আগস্ট কংগ্রেস সদর দফতরে পতাকা উত্তোলন করা হয়। এরপর বন্দে মাতরম গাওয়া হয়। এই সময় সোনিয়া গান্ধী খাড়গের দিকে ইঙ্গিত করেন। তাঁকে কিছুটা বিচলিত দেখাচ্ছিল। দাবী করা হয় যে, তিনি পুরো 'বন্দে মাতরম' গানটি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন। অন্যদিকে, কংগ্রেস স্পষ্ট করে জানিয়েছে, সদর দফতরে সম্পূর্ণ জাতীয় গীত গাওয়া হয়েছিল।

No comments:

Post a Comment

Post Top Ad