'জম্মু-কাশ্মীর ভারতের গুরুত্বপূর্ণ অংশ', সার্জিও গোরের মন্তব্যে ক্ষুব্ধ পাকিস্তান! মার্কিন কূটনীতিককে তলব - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, August 19, 2026

'জম্মু-কাশ্মীর ভারতের গুরুত্বপূর্ণ অংশ', সার্জিও গোরের মন্তব্যে ক্ষুব্ধ পাকিস্তান! মার্কিন কূটনীতিককে তলব


ন্যাশনাল ডেস্ক, ১৯ আগস্ট ২০২৬: ভারতে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর বুধবার (১৯ আগস্ট, ২০২৬) জম্মু-কাশ্মীরে তাঁর প্রথম সফরে এসে পৌঁছেছেন। শ্রীনগরে তিনি মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন। এই সফলকালে গোর জম্মু-কাশ্মীরকে ভারতের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বর্ণনা করেছেন। গোরের এই বক্তব্যের পর পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় তীব্র আপত্তি জানিয়েছে। শাহবাজ শরিফ সরকার ইসলামাবাদে নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত চার্জ ডি'অ্যাফেয়ার্সকে তলব করেছে। জম্মু-কাশ্মীর সফরকালে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের করা মন্তব্যের প্রতিবাদে শাহবাজ শরিফ সরকার চার্জ ডি'অ্যাফেয়ার্সের কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছে।


পাকিস্তান জম্মু-কাশ্মীরকে ভারতের অংশ হিসেবে চিহ্নিত করার বিষয়টি প্রত্যাখ্যান করেছে। দেশটি এটিকে একটি আন্তর্জাতিকভাবে বিতর্কিত অঞ্চল হিসেবে বর্ণনা করেছে। ইসলামাবাদ জানিয়েছে যে, এই বক্তব্যগুলো তথ্যগতভাবে ভুল এবং জম্মু-কাশ্মীর বিরোধ বিষয়ে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের অবস্থানের পরিপন্থী। পাকিস্তান আরও বলেছে যে, এই বক্তব্য জাতিসংঘের সনদ এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে।


উল্লেখ্য, জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর সঙ্গে সাক্ষাতের পর মার্কিন রাষ্ট্রদূত তথা দক্ষিণ-মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর কাশ্মীরের সৌন্দর্যের প্রশংসা করেছেন। গোর জম্মু-কাশ্মীরের জন্য জারি করা বর্তমান মার্কিন ভ্রমণ সতর্কতা তুলে নেওয়ারও ইঙ্গিত দিয়েছেন।


জম্মু-কাশ্মীরের বর্তমান ভ্রমণ সতর্কতা প্রসঙ্গে গোর বলেন যে, মার্কিন যুক্তরাষ্ট্র পর্যায়ক্রমে তাদের ভ্রমণ সতর্কতা পর্যালোচনা করে। জম্মু-কাশ্মীরের জন্য এই সতর্কতা শিথিল করা উচিৎ। গোর বলেন যে, দিল্লী এবং জম্মু-কাশ্মীর প্রশাসন এই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছে। তিনি জানান যে, বিপুল সংখ্যক মার্কিন নাগরিক কাশ্মীর ভ্রমণ করতে ইচ্ছুক। ভবিষ্যতে যদি মার্কিন ভ্রমণ সতর্কতায় কোনও পরিবর্তন আসে, তবে তা কাশ্মীরের পর্যটন খাতের ওপর সরাসরি প্রভাব ফেলতে পারে। তবে, তিনি স্পষ্ট করে দেন যে এই সফরে তিনি কোনও বড় ঘোষণা দিচ্ছেন না।


এদিন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সঙ্গে দেখা করেন মার্কিন রাষ্ট্রদূত সার্গিও গোর। এরপর তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, “কাশ্মীর ভারতের গুরুত্বপূর্ণ অংশ। আমি প্রথমবার এখানে আসলাম। অসাধারণ সুন্দর জায়গা এটি। আমাদের মধ্যে খুব ভালো বৈঠক হয়েছে। আমাদের সম্পর্ক গড়া নিয়ে আশাবাদী রইলাম।”


পাশাপাশি জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাও বলেন, “আমাদের মধ্যে খুব ভালো বৈঠক হয়েছে। দুই দেশের সম্পর্ক নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। জম্মু-কাশ্মীরের জন্য আমেরিকা কী করতে পারে, তা নিয়ে বিশেষ আলোচনা হয়েছে। অবশ্যই কিছু ইস্যু আছে, তবে তা সমাধান করার জন্য আলোচনা হবে। আমরা আশাবাদী যে জম্মু-কাশ্মীর ও আমেরিকার মধ্যে সম্পর্ক আগামিদিনে আরও বৃহত্তর ও গভীর হবে।”


প্রসঙ্গত, অপারেশন সিঁদুরের পর এই প্রথম কোনও শীর্ষ মার্কিন কূটনীতিক, যিনি প্রেসিডেন্ট ট্রাম্পের স্পেশাল এনভয়ের দায়িত্বে রয়েছেন, তিনি জম্মু-কাশ্মীর সফরে এলেন। সার্গিও গোরের এই সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।

No comments:

Post a Comment

Post Top Ad