চাপ বাড়ছে ধৃত শওকতের! ভাঙড় বিস্ফোরণ কাণ্ডে জুড়ল ইউএপিএ ধারা - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, August 22, 2026

চাপ বাড়ছে ধৃত শওকতের! ভাঙড় বিস্ফোরণ কাণ্ডে জুড়ল ইউএপিএ ধারা

 


কলকাতা: ভাঙড় বিস্ফোরণ কাণ্ডে নাম জড়িয়েছে প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার। এবারে আরও চাপে প্রাক্তন তৃণমূল বিধায়ক। ভাঙড়ে বিস্ফোরণ মামলায় শওকত-সহ চার জনের বিরুদ্ধে ইউএপিএ ধারা যোগের জন্য আদালতে আবেদন করে এনআইএ। আদালত সেই আবেদন মঞ্জুরও করেছে। এনআইএ-র বক্তব্য, নির্বাচনের আগে অশান্তি ছড়াতে বোমা তৈরি ও বিস্ফোরণের ঘটনায় এমন কিছু তথ্য তদন্তে উঠে এসেছে যে কারণে ইউএপিএ ধারা যোগ করা জরুরি ছিল। এনআইএ-র তরফের বিশেষ সরকারি কৌঁসুলি দেবাশিস মল্লিক চৌধুরি পুট আপ পিটিশন দেন। তিনি জানান, ইউএপিএ ১৬ ও ১৮ ধারা প্রয়োগের জন্য আবেদন করা হয়েছে। উল্লেখ্য, চলতি বছরে ভাঙড় বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে এনআইএ এর তদন্ত করে। গ্রেপ্তার হন শওকত মোল্লা-সহ চারজন। 


ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পর ভাঙড় বিস্ফোরণ কাণ্ডে শওকত মোল্লাকে হন্যে হয়ে খুঁজছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। পরে সোনারপুরের কামালগাজি লাগোয়া এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। যদিও পরিবার দাবী ছিল, আত্মসমর্পণ করতে আসার সময়েই এনআইএ শওকতকে গ্রেফতার করে। এরপর ৮৭ দিনের মাথায় আদালতে চার্জশিটও পেশ করে এনআইএ। চার্জশিটে ধৃত শওকত মোল্লাকেই বিস্ফোরণ কাণ্ডের মূল অভিযুক্ত হিসেবে উল্লেখ করে তদন্তকারী সংস্থা। 


সংস্থাটির দাবী, ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আগে ভাঙড়ে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। সেই বিস্ফোরণে বোমা তৈরিতে যুক্ত এক ব্যক্তির মৃত্যুও হয়েছিল, গুরুতর আহত হয়েছিলেন এক ব্যক্তি। তদন্তে নামতেই এনআইএ-র স্ক্যানারে উঠে আসে শওকত মোল্লার নাম। এনআইএ-র অভিযোগ, এই মামলার গ্রেফতার হওয়া চার অভিযুক্তের মধ্যে শওকত মোল্লাই ছিলেন মূল চক্রান্তকারী। 


তদন্তকারীদের দাবী, শওকতের নির্দেশেই বোমা বাঁধার কাজ চলছিল। শুধু তাই নয়, ভাঙড়ে বিস্ফোরণের পরবর্তী সময় সামাল দিতে শওকত মোল্লার ফোন থেকে একাধিক নির্দেশ গিয়েছিল এলাকায়। তৃণমূল নেতাকে গ্রেফতারের পর তাঁর মোবাইল ফোন থেকে সেই সংক্রান্ত একাধিক বিস্ফোরক তথ্য পাওয়া গিয়েছে। সেই মামলাতেই এবারে জুড়ল ইউএপিএ ধারা।

No comments:

Post a Comment

Post Top Ad