খাস কলকাতায় ভাঙা হল নেতাজির মূর্তি! - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, August 13, 2026

খাস কলকাতায় ভাঙা হল নেতাজির মূর্তি!

 


কলকাতা: বেশ কয়েকদিন ধরেই নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে আপত্তিকর মন্তব্য, সমাজমাধ্যমে কুরুচিকর পোস্ট ঘিরে তোলপাড় রাজ্য-রাজনীতি। এসবের মাঝেই এবারে খাস কলকাতায় ভাঙা হল নেতাজির মূর্তি। নিউ আলিপুরে নেতাজির একটি মূর্তি ভেঙে দেওয়া হয়েছে। ভেঙে দেওয়া হয়েছে মূর্তিটির ডান হাত। বিষয়টি সামনে আসতেই তীব্র উত্তেজনা ছড়িয়েছে। পদ্ম শিবিরের দাবী দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে। 


নেতাজিকে নিয়ে প্রকাশ্যে অপমানজনক মন্তব্য করা হচ্ছে বেশ কিছু দিন ধরেই। সোশ্যাল মিডিয়াতেও লাগাতার কুরুচিকর পোস্ট করা হচ্ছে। সেই তালিকায় রয়েছে বিজেপি সাংসদ অনন্ত মহারাজ তথা নগেন্দ্র রায়ের নামও। বুধবার সেই নিয়ে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্পষ্ট জানিয়ে দেন, এসবের সঙ্গে জড়িত কাউকেই রেয়াত করা হবে না। কিন্তু তারপরেও যেন সাহসে ঘাটতি নেই। নিউ আলিপুরে ঘটে গেল এই ন্যক্কারজনক ঘটনা। 


ঘটনাটি ঘটেছে ৮১ নং ওয়ার্ড এলাকার বটতলায়। এখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি সুবিশাল মূর্তি রয়েছে। বৃহস্পতিবার দুপুরে সেই মূর্তির ডান হাত ভাঙা অবস্থায় দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর ছড়িয়ে পড়তেই সেখানে ছুটে যান স্থানীয় বিজেপি নেতারা। দেখা যায়, ডান হাতের অর্ধেকটা ভাঙা। ঘটনা ঘিরে বেশ শোরগোল ছড়ায়। কে বা কারা এমনটা করল, তা এখনও অজানা। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবীতে তাঁরা থানার দ্বারস্থ হচ্ছেন। বিজেপি রাজ্য নেতৃত্বকেও বিষয়টি জানানো হচ্ছে।


সম্প্রতি দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে বেশ কিছু বিতর্কিত মন্তব্য করা হয়েছে। এই ঘটনায় সামিল রাজ্যসভার বিজেপি সাংসদ নগেন্দ্র রায় তথা অনন্ত মহারাজও। তিনিই বারবার নেতাজিকে নিয়ে রীতিমতো আপত্তিকর মন্তব্য করেছেন এবং সেসবের জন্য ক্ষমা চাইতেও নারাজ। এনিয়ে বুধবার কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “যারা সোশ্যাল মিডিয়ায় নেতাজি নিয়ে অপমানজনক, মিথ্যা, অপপ্রচার করার দুঃসাহস দেখিয়েছেন। পুলিশকে তাদের গ্রেফতারের নির্দেশ দিচ্ছি। অবিলম্বে ক্ষমা চেয়ে পোস্ট করতে হবে। অসম্মানজনক পোস্ট ডিলিট করতে হবে। তবে ডিলিট করে দিলেই যে তিনি ছাড় পাবেন তা নয়। পুলিশ নির্দিষ্ট নিয়মানুযায়ী ব্যবস্থা নেবে।” পাশাপাশি তিনি স্পষ্ট করে দেন, রাজনীতির কোনও রঙ না দেখেই পুলিশ পদক্ষেপ করবে। আইন সবার জন্য সমান। এরপরই নেতাজিকে নিয়ে আপত্তিকর পোস্টের অভিযোগে বৃহস্পতিবার সকালে উত্তর দিনাজপুর থেকে এক যুবককে গ্রেফতার করা হয়। এমনকি নেতাজিকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে অনন্ত মহারাজের'বঙ্গবিভূষণ' সম্মান কেড়ে নেওয়া হয়েছে আজই। এই রেশ কাটতে না কাটতেই নেতাজির মূর্তিতে আঘাত। 


পদ্ম শিবিরের দাবী, দুষ্কৃতীরাই এই কাজ করেছে। এক বাসিন্দার কথায়, “মুখ্যমন্ত্রী গতকালই বলেছেন, নেতাজির অবমাননাকারীরা কেউ ছাড় পাবে না। তাঁর কথামতো অ্যাকশনও হচ্ছে রাজ্যজুড়ে। কিন্তু তারপর কীভাবে এমন ঘটনা ঘটল, আমরা জানতে চাই।” দুষ্কৃতীদের অবিলম্বে গ্ৰেফতার ও শাস্তির দাবী জানিয়েছেন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad