নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি: জঙ্গলের পথে ভয়াবহ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে গাছে সজোরে ধাক্কা ছোট চারচাকা গাড়ির। ভয়াবহ এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক তরুণীর। দুর্ঘটনাটি ঘটেছে বুধবার সকালে গরুমারা অভয়ারণ্য ও লাটাগুড়ি বনাঞ্চলের মাঝে জাতীয় সড়কে। মৃতার নাম তিতলি রায়, বয়স ১৮ বছর। গাড়িতে থাকা আরও তিন জন গুরুতর আহত হয়েছেন। তাঁদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তাঁদের মধ্যে একজনকে পাঠানো হয়েছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।
স্থানীয় সূত্রে জানা যায়, গাড়িতে মোট চারজন ছিলেন। জঙ্গলের মধ্যে দ্রুতগতিতে যাওয়ার সময় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছে সজোরে ধাক্কা মারে তাঁদের গাড়িটি। ধাক্কার তীব্রতায় গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, গাড়িটির গতি অত্যন্ত বেশি ছিল।
দুর্ঘটনার খবর পেয়ে মেটেলি থানার পুলিশ ও ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। মৃত তরুণী-সহ চারজনকেই উদ্ধার করে চালসার মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করেন। বাকি তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়। পরবর্তীতে তাঁদের মধ্যে একজনকে উত্তরবঙ্গ মেডিক্যালে পাঠানো হয়েছে।
জানা গিয়েছে, শিলিগুড়ির এনজেপি সংলগ্ন এলাকার চারজন বাসিন্দা শান সরকার (২০), রাহুল দাস (২১), ঈশা মুখোপাধ্যায় (২১) এবং তিতলি রায় (১৮) খুব ভোরে গাড়ি নিয়ে লাটাগুড়ির দিকে ঘুরতে আসেন। পরবর্তীতে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। প্রাণ হারান তিতলি।
স্থানীয়রাই প্রথমে গাড়ি থেকে আহতদের উদ্ধার করেন। পরে পুলিশ দুর্ঘটনাস্থলে পৌঁছে আহত তিনজনকে উদ্ধার করে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে রাহুল দাসকে গুরুতর আহত অবস্থায় রেফার করা হয়েছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। অন্যদিকে শান সরকার এবং ঈশা মুখোপাধ্যায় এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে। মৃত তিতলি রায়ের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গাড়িতে থাকা আরোহীরা নেশাগ্রস্ত অবস্থায় থাকতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেন প্রত্যক্ষদর্শীরা। তবে, সেই বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে। মহকুমা পুলিশ আধিকারিক সুদীপ্ত সরকার জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। গোটা ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এদিন।

No comments:
Post a Comment