প্রেসকার্ড নিউজ ন্যাশনাল ডেস্ক, ১১ মার্চ ২০২৬, ১১:৫৬:০১ : ভারতে যদি কোনও বিদেশি বিমান সংস্থা নতুন করে উড়ান পরিষেবা শুরু করতে চায়, তবে এখন থেকে অনেক আগেই প্রস্তুতি নিতে হবে। নতুন নির্দেশিকা জারি করেছে ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন। এই নিয়ম অনুযায়ী আনুষ্ঠানিক অনুমতি ছাড়া কোনও বিদেশি বিমান সংস্থা ভারতে অবতরণ করতে পারবে না।
ভারত ও সংশ্লিষ্ট দেশের মধ্যে যে দ্বিপাক্ষিক বিমান পরিষেবা চুক্তি রয়েছে, তার ভিত্তিতেই প্রথমে সেই দেশের সরকারকে বিমান সংস্থাটিকে আনুষ্ঠানিকভাবে মনোনীত করতে হবে। তারপরই সংশ্লিষ্ট পোর্টালে নথিভুক্তিকরণ ও পরবর্তী প্রক্রিয়া শুরু করা যাবে।
নিবন্ধনের সময় দিতে হবে বিস্তারিত তথ্য
নিবন্ধনের সময় বিমান সংস্থাকে তাদের উড়ান পরিচালনার অনুমতিপত্র, সংস্থার নিবন্ধনের তথ্য, প্রধান কার্যালয়ের ঠিকানা এবং পরিচালন কাঠামো সম্পর্কে সম্পূর্ণ তথ্য দিতে হবে। প্রধান নির্বাহী থেকে শুরু করে দেশের দায়িত্বপ্রাপ্ত প্রধান পর্যন্ত সব তথ্য জমা দিতে হবে।
এছাড়াও ভারতে একটি স্থানীয় প্রতিনিধি রাখতে হবে, যিনি ভারতীয় নাগরিক বা এখানে নিবন্ধিত কোনো সংস্থা হতে হবে। কারণ নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে সমস্ত যোগাযোগ তার মাধ্যমেই হবে।
৯০ দিন আগে আবেদন বাধ্যতামূলক
উড়ান পরিষেবা শুরু করার অন্তত ৯০ দিন আগে পরিচালনার অনুমতির জন্য আবেদন করতে হবে। এর সঙ্গে বিমানের বিস্তারিত তথ্য, গত পাঁচ বছরের দুর্ঘটনার বিবরণ এবং ভারতে রক্ষণাবেক্ষণ ও ভূমি পরিষেবার ব্যবস্থার তথ্যও জমা দিতে হবে।
সর্বোচ্চ ৫ বছরের জন্য অনুমতি
পরিচালনার অনুমতি সর্বোচ্চ পাঁচ বছরের জন্য দেওয়া হবে। নিরাপত্তা মানে কোনো ঘাটতি ধরা পড়লে বা মালিকানা সংক্রান্ত নিয়ম ভঙ্গ হলে সেই অনুমতি সঙ্গে সঙ্গে স্থগিত বা বাতিল করা যেতে পারে।
টানা চার মৌসুম উড়ান না থাকলে অনুমতি বাতিল
আরও একটি কড়া নিয়ম হলো, কোনও বিমান সংস্থা যদি কোনও ভারতীয় বিমানবন্দরে টানা চারটি আন্তর্জাতিক যাত্রী পরিবহন মৌসুমে উড়ান পরিচালনা না করে, তবে সেই বিমানবন্দরের জন্য তার অনুমতি স্বয়ংক্রিয়ভাবে স্থগিত বলে গণ্য হবে। পাশাপাশি আগে থেকেই অবতরণ ও উড্ডয়নের সময়সীমা নিতে হবে এবং উড়ানের সময়সূচি কমপক্ষে ৩০ দিন আগে নিয়ন্ত্রক সংস্থায় জমা দিতে হবে।
যাত্রীদের অভিযোগের জন্য ব্যবস্থা
যাত্রীদের সুবিধার কথাও মাথায় রাখা হয়েছে। প্রতিটি বিদেশি বিমান সংস্থাকে অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থা রাখতে হবে, যাতে কোনও সমস্যার ক্ষেত্রে যাত্রীদের হয়রানির শিকার হতে না হয়।

No comments:
Post a Comment