তৃণমূল প্রার্থীর মুখে জয় 'শ্রী রাম' ধ্বনি, রামনবমীতে জমকালো প্রচার গৌতম দেবের - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, March 27, 2026

তৃণমূল প্রার্থীর মুখে জয় 'শ্রী রাম' ধ্বনি, রামনবমীতে জমকালো প্রচার গৌতম দেবের


নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি: রামনবমীতে রাজনৈতিক প্রচারে ভিন্ন মাত্রা যোগ করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দেব। শুক্রবার সকাল থেকেই নিজের বাসভবনে ভগবান রামের পুজো ও রামভজন দিয়ে দিনের সূচনা করেন তিনি। এরপর মাল্লাগুড়ির সংকটমোচন হনুমান মন্দিরে গিয়ে পুজো দেন। সেখানেও তাঁর মুখে ‘জয় শ্রীরাম’ ধ্বনিতে মুখরিত হয়। উৎসবের আবহে ধর্মীয় আচার পালনের পাশাপাশি রাজনৈতিক বার্তাও স্পষ্টভাবে তুলে ধরেন তিনি।


মন্দির দর্শনের পর শহরের বিভিন্ন এলাকায় জনসংযোগে নামেন গৌতম দেব। হিলকার্ড রোড ধরে বিভিন্ন ক্যাম্প, জল ও মিষ্টান্ন বিতরণ কেন্দ্র, এমনকি স্বাস্থ্য শিবিরগুলিতেও পৌঁছে যান তিনি। প্রতিটি জায়গায় সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যার খোঁজ নেন এবং রামনবমীর শুভেচ্ছা জানান। উৎসবের আবহে জনসংযোগেও ছিল আলাদা উষ্ণতা।


এই দিনের প্রচারের অন্যতম চর্চিত মুহূর্ত ঘটে যখন বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষের সঙ্গে মুখোমুখি হন গৌতম দেব। একটি মঞ্চে বসে থাকা শঙ্কর ঘোষকে দেখে রাস্তা থেকেই দু’হাত জোড় করে নমস্কার জানান গৌতম। পাল্টা শঙ্কর ঘোষও একইভাবে নমস্কার জানান। রাজনৈতিক ময়দানে এই সৌজন্য বিনিময় অনেকের কাছেই ইতিবাচক বার্তা হিসেবে ধরা পড়েছে।


দিনভর প্রচারে গৌতম দেবের পোশাক-আশাকও ছিল নজরকাড়া। মাথায় গেরুয়া পাগড়ি, হাতে গেরুয়া পতাকা এবং পরনে হলুদ পাঞ্জাবি; তাঁকে ঘিরে তৈরি হয় আলাদা আকর্ষণ। সর্বক্ষণ ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিতেও দেখা যায় তাঁকে, যা রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা তৈরি করেছে।


প্রচারের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গৌতম দেব বলেন, “দেখতে ভালো লাগে বলেই এই সাজ। একটু ইয়ার্কির ছলেই বলা যায়।” আর শঙ্কর ঘোষের সঙ্গে সৌজন্য বিনিময় প্রসঙ্গে তাঁর মন্তব্য, “আজ সকলের রামনবমী। রাম তো সবার মনের মধ্যেই থাকেন।” উৎসবের দিনে এমন বার্তায় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার মাঝেও সম্প্রীতির সুরই যেন তুলে ধরলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী।

No comments:

Post a Comment

Post Top Ad