'খেলা ভাঙার খেলা খেলবই---', প্রার্থী হয়েই সুর চড়ালেন ময়ূখ! প্রচার শুরু বামেদের - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, March 17, 2026

'খেলা ভাঙার খেলা খেলবই---', প্রার্থী হয়েই সুর চড়ালেন ময়ূখ! প্রচার শুরু বামেদের


নিজস্ব সংবাদদাতা, দমদম: প্রার্থীপদ ঘোষণা হতেই প্রচারে নেমে পড়লেন দমদমের বাম প্রার্থী ময়ূখ বিশ্বাস। সোমবার সন্ধ্যায় তিনি দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে দমদম গোরাবাজার থেকে মিছিল করে প্রচার অভিযান শুরু করেন। রাস্তার মানুষ এবং দোকানদারদের সাথে হাত মেলানোর মধ্য দিয়ে তিনি তাঁর প্রচার পর্ব এগিয়ে নিয়ে যান। 


সিপিএম প্রার্থী জানান, দমদম পুনরুদ্ধার করার লক্ষ্যে এবং দমদমে ভেঙে পড়া শিক্ষা ব্যবস্থা থেকে কর্মহীনতা সমস্ত কিছুকেই উদ্ধারের লক্ষ্যে তাঁরা নির্বাচন লড়বেন। তাঁর দাবী, তৃণমূল ও বিজেপি দুই দলকেই তাঁরা পরাস্ত করে জয়লাভ করতে পারবেন।


এরপর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, 'খেলা ভাঙার খেলা এই দমদমে হবে। তার জন্য শ্রমিক-ছাত্র আন্দোলনের মাটি দমদম প্রস্তুত। আমরা এই খেলা ভাঙার খেলা খেলবই এবং জিতবই।'


তিনি বলেন, "মানুষই শেষ কথা বলে। মানুষ চাইলে আমরা আবার ফিরে আসব এবং মানুষ এটা চাইছে। কারণ মানুষ ১৫ বছর ধরে এই শাসকের অত্যাচারে বিতশ্রদ্ধ, বিধ্বস্ত। শাসক একটার পর একটা দুর্নীতিতে নিমজ্জিত।" 


তাঁর দাবী, পশ্চিমবঙ্গের মধ্যে দমদম, দক্ষিণ দমদম, দমদম পৌরসভাগুলো সবথেকে বেশি দুর্নীতিপরায়ণ। পাবলিক পরিষেবা ভেঙে পড়েছে। শিক্ষা ভেঙে পড়েছে। এর পাশাপাশি কেন্দ্রীয় সরকারের সমালোচনাও করেন তিনি।


বাম প্রার্থী বলেন, "কেন্দ্রীয় সরকারের একের পর এক নীতি দমদমের মানুষকে আঘাত করছে। এয়ারপোর্ট বেসরকারিকরণের চেষ্টা, আদানির হাতে তুলে দেওয়ার চেষ্টা হচ্ছে।" তাঁর কথায়, "আজকে চাকরি কোথায়? গোটা দমদম বৃদ্ধাশ্রমে পরিণত হয়েছে। আমরা এখানে দমদম পুনরুদ্ধারের জন্য নেমেছি।" 'স্বচ্ছ দমদম গড়তে বামপন্থীদের ছাড়া আর কোনও বিকল্প নেই', দাবী বাম প্রার্থী ময়ূখ বিশ্বাসের।


প্রসঙ্গত, রবিবার ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এরপর সোমবার ১৯২ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করে বামেরা। বঙ্গে এবারে দু'দফায় ভোট; ২৩ ও ২৯ শে এপ্রিল।

No comments:

Post a Comment

Post Top Ad