অভিষেকের ছবি দেওয়া ব্যানার ছেঁড়া নিয়ে তরজা! আন্দোলনের হুঁশিয়ারি তৃণমূলের - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, April 17, 2026

অভিষেকের ছবি দেওয়া ব্যানার ছেঁড়া নিয়ে তরজা! আন্দোলনের হুঁশিয়ারি তৃণমূলের


মালদা, ১৭ এপ্রিল ২০২৬: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি সম্বলিত ব্যানার ছিঁড়ে ফেলাকে কেন্দ্র করে চরম উত্তেজনা। কাঠগড়ায় বিজেপি। প্রশাসন পদক্ষেপ না করলে পাড়ায়-পাড়ায় আন্দোলনের হুঁশিয়ারি তৃণমূলের। অভিযোগ অস্বীকার পদ্ম শিবিরের। ঘটনাস্থল মালদার হরিশ্চন্দ্রপুর।


বিধানসভা নির্বাচনের হাতে গোনা বাকি আর মাত্র পাঁচ দিন। তার আগেই মালদার হরিশ্চন্দ্রপুর বিধানসভায় রাজনৈতিক উত্তেজনা চরমে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি সম্বলিত ব্যানার ছিঁড়ে দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য। কাঠগড়ায় বিজেপি। তুঙ্গে রাজনৈতিক তরজা। 

 

জানা গিয়েছে, হরিশ্চন্দ্রপুর বিধানসভার পিপলা এলাকায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি সম্বলিত পোস্টার লাগানো হয়েছিল তৃণমূলের পক্ষ থেকে। অভিযোগ, রাতের অন্ধকারে বিজেপি কর্মীরা ব্লেড দিয়ে সেই পোস্টার ছিঁড়ে দিয়েছে। শুক্রবার এই ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। তৃণমূলের দাবী, প্রশাসন যদি পদক্ষেপ না করে, সেক্ষেত্রে তারা পাড়ায়-পাড়ায় টায়ার জ্বালিয়ে আন্দোলন করবেন। 


যদিও এই অভিযোগ অস্বীকার করেছে পদ্ম শিবির। তাঁরা পাল্টা তোপ দেগেছে তৃণমূলকে। ঘটনায় শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা। 


এই প্রসঙ্গে মালদা জেলা তৃণমূল যুব সভাপতি পূজন দাস বলেন, "আমাদের লাগানো ব্যানারগুলো ব্লেড দিয়ে কেটে ফেলা হয়েছে এবং সব ঝাণ্ডাও খুলে ফেলা হয়েছে।" তাঁর কথায়, "তৃণমূলকে ভয় পেয়েছে বিজেপি। তাঁরা বুঝতে পারছে তাঁদের পায়ের নিচের মাটি সরে যাচ্ছে।" তিনি বলেন, "অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন বিজেপি ৫০ টাও আসন পাবে না, সেটা প্রমাণ হয়ে যাচ্ছে। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি কেটে দেওয়া হয়েছে।"


তাঁর হুঁশিয়ারি, "আমরা পুলিশ প্রশাসনকে জানাব। যদি এই ব্যাপারে পদক্ষেপ না করে, তাহলে আমরা গ্ৰামে-গ্ৰামে, পাড়ায়-পাড়ায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ-আন্দোলন করব।" তিনি আরও বলেন, "এগুলো কার কাজ আমরা সবই জানি। ৪ তারিখের পর এদের সব খবর নেওয়া হবে।"


অন্যদিকে জেলা বিজেপি সম্পাদক রূপেশ আগরওয়াল বলেন, "এই অভিযোগের কোনও মানেই হয় না। আমাদের কি খেয়ে-দেয়ে কাজ নেই, যে পোস্টার ছিঁড়তে যাব। এর প্রমাণ দিতে হবে ওদের।"


তিনি বলেন, "আমরা বছরের ৩৬৫ দিন মানুষের পাশে থেকে কাজ করি। আমরা মানুষকে এও বোঝানোর চেষ্টা করছি, হার্মাদবাহিনী এই তৃণমূল কংগ্রেসকে বিতাড়িত করতে হবে। নাহলে রাজ্যের সাধারণ মানুষ সুস্থ ভাবে বেঁচে থাকতে পারবে না।" তাঁর কথায়, "অভয়ার মা যখন বিচার পেলেন না, সাধারণ মানুষ কীভাবে পাবেন!" পাশাপাশি তাঁর দাবী, মমতা বন্দ্যোপাধ্যায় যেসব প্রকল্প দিচ্ছেন, সেগুলোর চেয়ে বেশি পরিমাণ টাকা বিজেপি ক্ষমতায় এলে দেওয়া হবে।


প্রসঙ্গত কিছুদিন আগে দলীয় প্রার্থীর সমর্থনে হরিশ্চন্দ্রপুরে এসেছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই উপলক্ষেই লাগানো হয়ে ছিল এই ব্যানারগুলি। রাতের অন্ধকারে সেই ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ পদ্ম শিবিরের বিরুদ্ধে।

No comments:

Post a Comment

Post Top Ad