বিনোদন ডেস্ক, ২৮ এপ্রিল ২০২৬: বাংলা বিনোদন জগতের অতি পরিচিত মুখ অভিনেত্রী সুদীপা বসু। নিজের দক্ষ অভিনয় দিয়ে দীর্ঘ কয়েক দশক ধরে দর্শকদের মন্ত্রমুগ্ধ করেছেন তিনি। কিন্তু অভিনেত্রীর সম্প্রতি নেওয়া এক সিদ্ধান্তে তাঁর অনুরাগীরা বেশ মর্মাহত; আচমকাই বিনোদন জগত থেকে নিজেকে সরিয়ে নেওয়ার এক চাঞ্চল্যকর সিদ্ধান্ত ঘোষণা করেছেন অভিনেত্রী সুদীপা বসু।
তিনি জানান, বর্তমানের অভিনয় জগতের পরিস্থিতির সাথে কোনও ভাবেই আর তাল মেলাতে পারছেন না তিনি। বর্তমান ইন্ডাস্ট্রির কর্মপরিবেশে নিজেকে মানিয়ে নেওয়া তাঁর পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘ সময় পর্দায় অনুপস্থিত থাকার কারণ হিসেবে তিনি সরাসরি এই পরিবেশকেই দায়ী করেছেন।
তিনি স্পষ্ট জানিয়েছেন, বর্তমানে ইন্ডাস্ট্রিতে যে ধরণের পরিবেশ বিরাজ করছে, তাতে নিজের আদর্শ বজায় রেখে কাজ করা কঠিন। সুদীপার কথায়, ইন্ডাস্ট্রি এখন যে পথে চলছে এবং সেখানকার যে নোংরা রাজনীতি, তা থেকে নিজেকে দূরে রাখতেই পছন্দ করছেন। তাঁর মত, আপস করে কাজ করার চেয়ে না করা অনেক বেশি সম্মানজনক। তাই কেবল অভিনয় করার খাতিরে ভুল পরিবেশ বা নিম্নমানের কাজে তিনি আর জড়াতে চান না।
ব্যক্তিগত জীবনদর্শন সম্পর্কে অভিনেত্রী অত্যন্ত স্পষ্টবাদী এবং সাধারণ। খুব উচ্চবিলাসী বা বিলাসবহুল জীবনযাপনের মোহ তাঁর নেই। নিজের সাধারণ জীবনযাত্রার মান বজায় রাখার জন্য যতটুকু কাজ বা উপার্জনের প্রয়োজন, সেটুকুই করতে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন।
এদিকে তাঁর এই আচমকা প্রস্থান টলিপাড়ার অন্দরে যেমন আলোচনার জন্ম দিয়েছে, তেমনই তাঁর অগণিত অনুরাগী এই খবরে বেশ মর্মাহত হয়েছেন। তাহলে কি আর অভিনয় জগতে ফিরবেন না সুদীপা! এক্ষেত্রে অবশ্য আশার বাণী শুনিয়েছেন অভিনেত্রী। তিনি জানিয়েছেন, যদি ভবিষ্যতে কখনও কাজের উপযুক্ত পরিবেশ ফিরে আসে এবং সত্যিই কোনও ভালো মানের চরিত্রের প্রস্তাব পাওয়া যায়, তবেই পুনরায় ক্যামেরার সামনে দাঁড়ানোর কথা ভেবে দেখবেন। নাহলে, বর্তমানের এই দমবন্ধ করা পরিবেশ থেকে তিনি নিজেকে দূরেই সরিয়ে রাখতে চান। আপাতত ভালো কাজের অপেক্ষায় বা উপযুক্ত সময়ের অপেক্ষায় অভিনয় জগতকে বিদায় জানিয়ে সুস্থ ও স্বাভাবিক জীবন কাটাতেই বেশি আগ্রহী সুদক্ষ এই শিল্পী।
উল্লেখ্য, নব্বইয়ের দশকে মেঘনাথ ভট্টাচার্যের নাট্যদল 'সায়ক'-এর হাত ধরে থিয়েটার থেকে শুরু হয়েছিলতাঁর অভিনয় যাত্রা। এরপর ছোট পর্দায় পদার্পণ 'এবার জমবে মজা' ধারাবাহিকের মাধ্যমে। দীর্ঘ কেরিয়ারে 'এক আকাশের নিচে', 'একদিন প্রতিদিন', 'এখানে আকাশনীল', 'মেয়েবেলা' এবং 'জগদ্ধাত্রী'-র মতো অসংখ্য কালজয়ী ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। তাঁকে শেষবার ছোট পর্দায় দেখা গিয়েছিল জনপ্রিয় ধারাবাহিক 'অনুরাগের ছোঁয়া'-তে, যেখানে ২০২৫ সাল পর্যন্ত সুদীপা কাজ করেছেন। ২০২৫ সালের মে মাসে মুক্তিপ্রাপ্ত 'ভোগ' চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি।

No comments:
Post a Comment