শিলিগুড়ি: সকাল সকাল ভোট দিলেন বিজেপি প্রার্থী আনন্দময় বর্মন। বৃহস্পতিবার সকালে মাটিগাড়া নকশালবাড়ির বিধানসভার পাথরঘাটা জুনিয়র প্রাথমিক বিদ্যালয় ২৫/১৬১ বুথে ভোট দেন বিজেপি প্রার্থী আনন্দময় বর্মন। তাঁর দাবী, পরিবর্তনের হাওয়া বইছে রাজ্য জুড়ে এবং এবারেও তাঁর জয় নিশ্চিত।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, 'ছাব্বিশের নির্বাচন গুরুত্বপূর্ণ নির্বাচন।' তিনি বলেন, 'বাংলায় পরিবর্তনের হাওয়া বইছে। গতবার আমরা এখানে যে বিপুল ভোটে জিতেছিলাম এবারেও সেই ধারা অব্যাহত থাকবে। বাংলায় পরিবর্তন হবে, তৃণমূল কংগ্রেসের বিসর্জন হবে। নিশ্চিতভাবে সবাই বিজেপির পক্ষে ভোট দেবে।'
বিজেপি প্রার্থী বলেন, 'আমি সবাইকে পদ্ম ফুলে ভোট দেওয়ার আবেদন করব।' তাঁর দাবী, ভোট শান্তিপূর্ণভাবে হচ্ছে। এখানে প্রতিবার শান্তিপূর্ণভাবে ভোট হয়। তিনি বলেন, "এটাই আশা করব গণতন্ত্রের উৎসবে ভোট যেন শান্তিপূর্ণভাবে হয়। বিজেপি এবার সরকার গঠন করবে। বাংলায় নিশ্চিতভাবে বিজেপির সরকার হবে।"
উল্লেখ্য, রাজ্যে সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হয়েছে এবং সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। রাজ্যের ১৬টি জেলার ১৫২টি বিধানসভা আসনে নির্বাচনের প্রথম পর্বে বৃহস্পতিবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মোট ১,৪৭৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রায় ৪৪,৩৭৬টি বুথে ৩.৬০ কোটিরও বেশি ভোটার তাদের ভোট দেবেন। এদের মধ্যে রয়েছেন ১.৮৪ কোটি পুরুষ, ১.৭৫ কোটি মহিলা এবং ৪৬৫ জন তৃতীয় লিঙ্গের ভোটার। প্রথম দফার ভোটে ৯ থেকে ১০ হাজারট স্পর্শকাতর বুথ রয়েছে। বিধানসভা ভোটের প্রথম দফায় দায়িত্বে রয়েছেন ৫ লক্ষ ভোটকর্মী। ২৯ শে এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফায় ভোটগ্রহণ। ভোটগণনা হবে ৪ঠা মে।

No comments:
Post a Comment