রাতের অন্ধকারে নন্দীগ্রামে বোমাবাজি! লক্ষ্য বিজেপি নেতার বাড়ি, কাঠগড়ায় শেখ সুফিয়ান - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, April 17, 2026

রাতের অন্ধকারে নন্দীগ্রামে বোমাবাজি! লক্ষ্য বিজেপি নেতার বাড়ি, কাঠগড়ায় শেখ সুফিয়ান

 


নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর : নির্বাচনের আগে উত্তপ্ত হয়ে উঠল নন্দীগ্রাম। রাতের অন্ধকারে বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। উদ্ধার তাজা বোমা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে। তৃণমূল নেতার বিরুদ্ধে থানায় অভিযোগের পরেই এই বোমাবাজি, দাবী বিজেপি নেতার। 


নন্দীগ্রামের দাউদপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক আব্বাস বেগের বাড়িতে বোমাবাজির অভিযোগ। অভিযোগ তৃণমূল নেতা শেখ সুফিয়ানের বিরুদ্ধে। তৃণমূল প্রার্থী পবিত্র করের সভা থেকে হুমকির অভিযোগ শেখ সুফিয়ানের বিরুদ্ধে। আব্বাস বেগ ও তাঁর পরিবারকে হুমকির অভিযোগ। এই বিষয়ে নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে তৃণমূল নেতা শেখ সুফিয়ানের বিরুদ্ধে। 


আব্বাস বেগের অভিযোগ, গত ১৫ এপ্রিল নন্দীগ্রামের দাউদপুর গ্রাম পঞ্চায়েত এলাকার নয়নানে পবিত্র করের সমর্থনে একটি পথসভা থেকে শেখ সুফিয়ান তাঁকে উদ্দেশ্য করে নির্বাচনী প্রচার ভাষণে গালিগালাজ করেছেন এবং হুমকি দিয়েছেন। নন্দীগ্রাম থানায় তিনি অভিযোগ জানানোর পরে গতকাল অর্থাৎ ১৬ই এপ্রিল রাতে তাঁর বাড়িতে বোমাবাজি করা হয়েছে। খবর পেয়ে রাতেই নন্দীগ্রাম থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। আব্বাস বেগের দাবী, তাঁর বাড়ির পাশ থেকে তাজা বোমা উদ্ধার হয়েছে।


এদিকে সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেছেন নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ সুফিয়ান। শেখ সুফিয়ানের পাল্টা দাবী, আব্বাস বেগ কোনও নেতা নয়, তিনি কারো নাম ধরে কোনও হুমকি দেননি। কেউ যদি অভিযোগ করে থাকেন, তিনি তাঁর হুমকির ভিডিও নন্দীগ্রাম থানায় জমা দিক। পাল্টা বিজেপি নেতাকে চোর কটাক্ষ করেন তৃণমূল নেতা। নন্দীগ্রাম থানার পুলিশ পুরো ঘটনার তদন্ত করছে। ঘটনায় এখনও (প্রতিবেদন লেখা পর্যন্ত) কোনও গ্রেফতার হয়নি।


উল্লেখ্য, হাইভোল্টেজ নন্দীগ্রামে একুশের নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারীর লড়াই দেখেছিল গোটা বাংলা। এবারে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী বনাম তাঁর একসময়ের ছায়া সঙ্গী পবিত্র করের লড়াই। আর বিধানসভা কেন্দ্রের নাম যেখানে নন্দীগ্রাম, সেখানে ভোট আবহে বোমাবাজি, থানায় অভিযোগ- এসব হবে না বললে কি চলে! ভোটের দিন যতই এগিয়ে আসছে, ততই তেঁতে উঠছে নন্দীগ্রাম।

No comments:

Post a Comment

Post Top Ad