নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর: 'আমরা কথা দিলে কথা রাখি। আর বিজেপির কথা দিলেও নির্বাচন শেষ হয়ে যাওয়ার পর শুধু বুলডোজার চালিয়ে দেয়, কাজ করে না। পিংলার জনসভা থেকে এভাবেই বিজেপিকে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার পিংলার কাঁচডিহা স্ট্যাক ইয়ার্ড মাঠের জনসভা থেকে সবংয়ের তৃণমূল প্রার্থী ডঃ মানস রঞ্জন ভূঁইয়া এবং পিংলার তৃণমূল প্রার্থী অজিত মাইতিকে বিপুল ভোটে জয়ী করানোর জন্য আহ্বান জানান।
মুখ্যমন্ত্রী বলেন, 'সবং, পিংলা এলাকায় কপালেরশ্বরী এবং কেলেঘাই-এর ব্রিজ আমরা করে দিয়েছি। পাশাপাশি সাবধান করে তিনি বলেন, 'আমার নাম করেও যদি কেউ ব্যাংক অ্যাকাউন্ট চায়, মা-ভাই-বোনেরা দেবেন না, খুব সাবধান। যেটুকু টাকা আপনাদের রয়েছে সেটাও তুলে নেবে। কোনও নতুন অ্যাকাউন্ট করতে চাইলেও করে দেবেন না। সেই সঙ্গে দলীয় সমর্থকদের উদ্দেশ্যে তাঁর বার্তা, ইভিএম মেশিন এবং ভিভিপ্যাড, খুব ভালো করে মনঃসংযোগ দিয়ে পরীক্ষা করে দেখে নিতে হবে। কখনও যদি মেশিন খারাপ হয়ে যায় সেই মেশিন আবার চেঞ্জ করবেন, সারাতে দেবেন না, না হলে মেশিনে চিপ ঢুকিয়ে দেবে। নতুন মেশিন না আসা পর্যন্ত মানুষকে একটু ধৈর্য ধরে লাইনে দাঁড়াতে বলবেন।'
তাঁর বক্তব্য, 'আমাদের সিটগুলো দেখে দেখে প্ল্যান করেছে। অনেক লাইন দিয়েছেন জীবনে, এবারের লাইনটা দেবেন ভোটের জন্য, নিজেদের আত্মরক্ষা করার জন্য, ভবিষ্যৎ রক্ষা করার জন্য, নিজের ভাষা রক্ষা করার জন্য, নিজের সম্পত্তি রক্ষা করার জন্য। তার কারণ এই বিজেপির মত এত নোংরা গেম, আমি কাউকে কোনদিন খেলতে দেখিনি।'
মমতা বলেন, 'আমিও অনেকদিন ধরে রাজনীতি করি। সাত বার এমপি হয়েছি, ৪ বার কেন্দ্রীয় মন্ত্রী হয়েছি। অনেক প্রধানমন্ত্রী আমি দেখেছি কিন্তু বিজেপি পার্টির যে সরকার, এত নির্লজ্জ সরকার, এত স্বৈরাচারী ও দুর্নীতিগ্রস্ত সরকার, ডাকাতদের সরকার, মানুষ নিধনের সরকার আগে কখনও দেখেনি। পুলিশের ওসি, আইসিদের ইতিমধ্যে নির্দেশ পাঠানো হয়েছে তৃণমূলের বুথ এজেন্টদের গ্রেফতার করে নাও, যাতে ভোটকেন্দ্রে তারা বসতে না পারে,পিংলার সভামঞ্চ থেকে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন, 'তোমরা ভাবছ নোংরা খেলা খেলবে? না, দুরন্ত খেলা খেলে তোমাদের পগারপার করব।'
মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, "মা-বোনেরা প্রস্তুত থাকুন, আপনাদেরই বুথে বুথে এজেন্ট বসতে হবে।" মুখের ভাষা দেখুন ওদের, বলছে গরমে যদি পড়ে যায় জ্বলে যায় বার্নল রেখে দাও, এটা কি বাংলার সংস্কৃতি? প্রশ্ন তৃণমূল সুপ্রিমোর। তিনি বলেন, 'কাদের এত ভয় দেখাচ্ছেন? কাদের এত চমকাচ্ছেন? হিম্মত থাকলে সরাসরি মানুষের সাথে লড়াই করুন। এত ভোট কেটে ভাবছেন জিতে যাবেন? কখনই না, মানুষ আমাদের সঙ্গে রয়েছে।' তাঁর প্রশ্ন, 'বিহারে তো লজিক্যাল ডিস্ক্যাপেন্সি ছিল না তাহলে বাংলায় কেন?'
নাম না করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করেন মুখ্যমন্ত্রী মমতা। তিনি বলেন, 'দিল্লী থেকে এসেছেন মোটা ভাই, সাথে এসেছেন ইডি আর সিবিআই। কারণ বাংলাকে দখল করতে হবে। আপনারা নিশ্চিন্তে থাকুন বাংলা দখল করা এত সহজ নয়। এই মাসেই ডি এনিমেশন বিল আনা হচ্ছে আপনাদের টুকরো টুকরো করা হবে। বাংলার সব অফিসারদের বদলি করে বাইরে পাঠানো হচ্ছে, আর বাইরের রাজ্য থেকে লোক এনে বাংলাকে দখল করার চেষ্টা চলছে বিজেপির। কোনও ভাবেই বাংলার মানুষ এটা মেনে নেবে না।'
মমতা বলেন, 'সবং আমার কাছে নতুন নয়, সিপিএমের আমলে মানুষ আমাকে একবার এখানে মিটিং করতে এনেছিল, আর সিপিএম লুকিয়ে গুলতি দিয়ে ঢিল মারছিল।' বিরোধীদের আক্রমণের পাশাপাশি এদিন নতুন বছরের জন্য আগাম শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'আজকে চড়ক এবং কালকে শুভ নববর্ষ আছে। সবাইকে আমি শুভ নন্দন জানাই, কালকে আবার বাংলা দিবসও রয়েছে।'

No comments:
Post a Comment