কলকাতা: বঙ্গ সফরে এসে শুক্রবার সকালে গঙ্গাবিহার করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই ছবি আবার নিজেই সমাজমাধ্যমে শেয়ার করেছেন তিনি। এবারে হাওড়ার সভা থেকে গঙ্গাবিহার প্রসঙ্গে মোদীকে কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের। যমুনা দূষণের কথা মনে করিয়ে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী।
এদিন কটাক্ষের সুরে মমতা বলেন, 'আজকে আবার উনি নৌকাবিহার করেছেন। আমি বলি বাংলার গঙ্গা আর আপনার দিল্লীর যমুনা মিলিয়ে নিন। বাংলার গঙ্গা পরিষ্কার তাই নৌকাবিহার করে হাওয়া খেয়েছেন সকাল বেলায়। এটা ভোটের রাজনীতি। ফটো শপিং।'
তাঁর খোঁচা, 'চ্যালেঞ্জ করছি, গঙ্গায় নৌকাবিহার করেছেন, ভালো করেছেন, স্বাগত। আমিও যাই চন্দননগরে পুজোর সময় গঙ্গাবিহার করতে-করতে। আমি গঙ্গাসাগরেও যাই। আপনি একবার যমুনা নদীতে গিয়ে দিল্লীতে ডুব দিয়ে আসবেন! দিল্লীর যমুনা কেমন? সম্পূর্ণ দূষণ ওখানে। এরপরেই মমতার তীব্র আক্রমণ, 'আপনি দিল্লীতে একটা যমুনা সামলাতে পারেন না আর আমাদের গঙ্গায় এসে আপনি ফটো তোলেন!'
মুখ্যমন্ত্রী বলেন, 'ভোটে লোকেদের নাম কেটে দিয়েছেন। মহিলাদের উপর অত্যাচার করছে, মহিলাকে যে ধর্ষণ করে তাকে টিকিট দেয় আর আপনি বলছেন যে, বাংলা জ্বলছে। বাংলা জ্বলছে না আপনি জ্বলছেন। আর ৪ তারিখ ফল বের হলে দেখবেন, জ্বলবেন আর লুচির মত ফুলবেন।'
এদিন সভামঞ্চ থেকে মমতার দাবী, এবারের নির্বাচনে বিজেপির আসন সংখ্যা কমবে। তিনি বলেন, 'বিজেপি অনেক আসনে হারবে। যা আসন ছিল, এবারে তার অর্ধেকও পাবে না।'
প্রসঙ্গত, রাজ্যে প্রথম দফার নির্বাচন শেষ হয়েছে ২৩ শে এপ্রিল। এবারে দ্বিতীয় দফায় ২৯ শে এপ্রিল হবে ভোটগ্রহণ। ভোটগণনা ৪ঠা মে।

No comments:
Post a Comment