হাওড়া: রবিবাসরীয় প্রচার ঘিরে রীতিমতো লঙ্কাকাণ্ড। বিজেপির প্রচারে তৃণমূলের 'জয় বাংলা' স্লোগান। পাল্টা তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। রণক্ষেত্র হাওড়া।
রবিবার বিজেপি প্রার্থীর সমর্থনে রোড শো করতে আসেন অভিনেতা সাংসদ রবি কিষাণ। সেই রোড শো ঘিরেই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। এদিন বেলা তখন প্রায় ১২টা। উত্তর হাওড়া কেন্দ্রের বিজেপি প্রার্থী উমেশ রাই-এর সমর্থনে বিশাল মিছিল নিয়ে এগোচ্ছিলেন ভোজপুরি সুপারস্টার রবি কিষাণ।
সব তখন পর্যন্ত ঠিকঠাকই ছিল। গণ্ডগোল শুরু হয় মিছিলটি যখন উত্তর হাওড়া কেন্দ্রে লিলুয়ার বি রোডে তৃণমূল পার্টি অফিসের সামনে দিয়ে যাচ্ছিল। অভিযোগ, তৃণমূল কর্মীদের পক্ষ থেকে তখন তোলা হয় ‘জয় বাংলা’ স্লোগান। পাল্টা বিজেপির তরফেও 'জয় শ্রী রাম' স্লোগান দেওয়া হয়। স্লোগান-পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। মুহূর্তের মধ্যে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। দুই শিবিরের কর্মীদের মধ্যে শুরু হয় তীব্র কথা কাটাকাটি, যা নিমেষেই গড়ায় ধস্তাধস্তিতে।
পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে দেখে ময়দানে নামে বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তৃণমূলের অভিযোগ, পুলিশ নির্বিচারে লাঠিচার্জ করে তাঁদের সমর্থকদের সরিয়ে দিয়েছে। যদিও বিজেপির দাবী, লাঠিচার্জের কোনও ঘটনাই ঘটেনি বরং শান্তিশৃঙ্খলা বজায় রাখতেই কাজ করেছে প্রশাসন।
এদিকে, এলাকায় ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে চেয়ার, নির্বাচনের কাজে ব্যবহার হওয়া অন্যান্য জিনিস, দলীয় পতাকা। সেই সবকিছুতে ভাঙচুরের ছাপ স্পষ্ট। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে, এলাকায় রয়েছে চাপা উত্তেজনা। কোনও অপ্রীতিকর পরিস্থিতি যেন তৈরি না হয়, সেজন্য মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ।
উল্লেখ্য, আগামী ২৯ এপ্রিল বুধবার হাওড়ায় বিধানসভা নির্বাচন। সেদিন বঙ্গের ৭ জেলার মোট ১৪২টি আসনে ভোটগ্রহণ। ভোটের গণনা আগামী ৪ মে। গত ২৩ এপ্রিল প্রথম দফার নির্বাচন হয়েছে ১৬ জেলার ১৫২টি আসনে।


No comments:
Post a Comment