বিনোদন ডেস্ক, ২৮ এপ্রিল ২০২৬: সম্প্রতি জি বাংলার পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক 'কমলা নিবাস'। অল্প সময়ের মধ্যেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছে এটি। মধ্যবিত্ত পরিবারের টানাপোড়েন এবং সম্পর্কের মায়া নিয়ে সাজানো এই ধারাবাহিকের মূল আকর্ষণ হল এর তারকারা। দীর্ঘ বিরতি কাটিয়ে এই ধারাবাহিকের হাত ধরে টিভির পর্দায় ফিরেছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। তাঁর বিপরীতে প্রধান চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী দেবাদৃতা বসু। যিনি ইতিপূর্বেও একাধিক হিট মেগা ধারাবাহিকে নিজের অভিনয়ের দক্ষতা প্রমাণ করেছেন। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাচ্ছে অভিজ্ঞ শিল্পীদের, যাদের সাবলীল অভিনয় ধারাবাহিকের গল্পকে এক অন্য মাত্রায় নিয়ে গিয়েছে। ধারাবাহিকে পরমব্রত-দেবদৃতার নাম হল সাগর ও পল্লবী।
তবে, সম্প্রতি প্রকাশিত এই ধারাবাহিকের একটি প্রোমো দেখে মনে হচ্ছে গল্পে আসতে চলেছে নতুন মোড়। প্রকাশিত প্রোমো অনুযায়ী, চারহাত এক হওয়ার শুভ মুহূর্তে হঠাৎ করেই নেমে এসেছে বিষাদের ছায়া। পল্লবী ও সাগরের বিয়ের প্রস্তুতি যখন চরমে, ঠিক তখনই ঘটে যায় এক মর্মান্তিক দুর্ঘটনা। বিয়ের পিঁড়িতে বসার জন্য তৈরি সাগর যখন গাড়ি করে আসছিল, পল্লবী তাকে ফোন করে জানতে চায় আর কতক্ষণ সময় লাগবে। ঠিক সেই মুহূর্তেই একটি ঘাতক লরি এসে সজোরে ধাক্কা মারে সাগরের গাড়িতে। ফোনের ওপার থেকে আসা বিকট শব্দ এবং দুর্ঘটনার খবর পল্লবীর সাজানো স্বপ্নকে এক নিমেষে ভেঙে চুরমার করে দেয়। দৃশ্যটি এতটাই সংবেদনশীলভাবে ফুটিয়ে তোলা হয়েছে যে, চোখে জল চলে আসবে যে কারো।
আর এতে করেই যথেষ্ট উদ্বিগ্ন দর্শকরা। সমাজমাধ্যমেও নেটিজেনদের বিভিন্ন মন্তব্য করতে দেখা যাচ্ছে। কারণ এই প্রোমো দেখে যাচ্ছে যে, এই ধারাবাহিকে হয়তো পরমব্রত চট্টোপাধ্যায়ের যাত্রা আপাতত এখানেই ইতি। সাধারণত বড় পর্দার অভিনেতারা মেগা ধারাবাহিকে বিশেষ বা সীমিত সময়ের চরিত্রের জন্যই চুক্তিবদ্ধ হন। সাগরের এই ভয়াবহ দুর্ঘটনার মাধ্যমে ধারাবাহিকে এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে।
সূত্রের খবর এবং এই ইঙ্গিত অনুযায়ী, পরমব্রতর যাত্রার ইতি ঘটলে এই ধারাবাহিকে খুব শীঘ্রই একজন নতুন নায়কের এন্ট্রি হতে চলেছে। এখন পল্লবীর জীবনে সাগরের অভাব পূরণ করতে বা গল্পের চাকা গড়াতে সেই নতুন মুখটা কে! তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর জল্পনা। এখন দেখার ধারাবাহিকের নির্মাতারা কোন পথে হাঁটবেন!


No comments:
Post a Comment