বিনোদন ডেস্ক, ১৪ এপ্রিল ২০২৬: মনে আছে মেয়েবেলা'র সেই ডোডো দা'কে? ওই যে সেই ডোডো দা, যিনি কিনা একসময়ে রাতারাতি অনেক মেয়েদের ক্রাশ হয়ে উঠেছিলেন। আজ্ঞে হ্যাঁ! বলছি সেই অর্পণ ঘোষালের কথা। মেয়েবেলা ধারাবাহিক করে দর্শকদের নজর কেড়েছিলেন তিনি। অল্প সময়ের মধ্যেই দর্শকের পছন্দের জুটি হয়ে উঠেছিলেন অর্পণ ঘোষাল ও স্বীকৃতি মজুমদার। মৌ-ঝরের জুটিকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছিলেন দর্শকেরা। কিন্তু মাত্র ছয় মাসের মাথায় থমকে যায় মেয়েবেলা আর পছন্দের ধারাবাহিক শেষ হতেই মন খারাপ দর্শকদের। মনে একটাই আক্ষেপ- আর কি দেখা যাবে না মৌ আর তাঁর ডোডো দাকে!
তবে, এবারে দর্শকদের মন ভালো করার মত খবর। ইনস্টাগ্রাম পোস্টে সুখবর দিলেন অর্পণ ও স্বীকৃতি। সোমবার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে দর্শকদের চমকে দেন পর্দার ডোডো দা। সেই ছবিতেই একসঙ্গে দেখা যায় মৌঝর জুটিকে। পাশাপাশি পোস্টে লেখা হয়েছে, 'আমরা গিয়েছিলাম, আপনারা দেখবেন তাহলে। ১৭ এপ্রিল, বিকেল ৪.৩০।' তাহলে কি আবারও একসঙ্গে জুটি বাঁধছেন তারা?
একেবারেই না, দর্শকদের সেই ইচ্ছে এখনই পূরণ হচ্ছে না। ছোট পর্দায় খুব তাড়াতাড়ি তাঁদের দেখা যাবে ঠিকই কিন্তু সেটা কোনও ধারাবাহিকে নয়। দিদি নম্বর ওয়ান-এর মঞ্চে অর্পণ-স্বীকৃতিকে দেখতে পাবেন দর্শকরা। দিদি নম্বর ওয়ানে খেলতে আসছেন মৌ আর ডোডো। সে যাই হোক, দুধের স্বাদ না হয় এবারে ঘোলেই মেটাবেন দর্শকরা; এতদিন পর আবার এই হিট জুটিকে পর্দায় দেখার অপেক্ষার অবসান তো ঘটছে।
প্রসঙ্গত, মাঝে পর্দায় অর্পণকে দেখা গেলেও বিয়ের পর থেকে সেভাবে দেখা মেলেনি স্বীকৃতির। এবার খুব তাড়াতাড়ি ফের একসঙ্গে দেখা যাবে দু'জনকে।


No comments:
Post a Comment