কলকাতা: দ্বিতীয় দফার ভোটের আগে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ উঠল বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। ভোটের প্রচারে বেরিয়ে জাতীয় পতাকা দিয়ে ঘাম মুছছেন টালিগঞ্জের বিজেপি প্রার্থী তথা অভিনেত্রী পাপিয়া অধিকারী! আর সেই ভিডিও ভাইরাল হতেই সমালোচনার ঝড়। তাঁর বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হলেন স্থানীয় তৃণমূল নেতা কোহিনূর মজুমদার। যদিও ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি প্রেসকার্ড নিউজ।
নিজের ফেসবুকে পাপিয়া অধিকারীর একটি ভিডিও শেয়ার করে কোহিনূর মজুমদার লিখেছেন, 'টালিগঞ্জে বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারী আগেই হার স্বীকার করে নিয়েছেন। পাল্টুদি জনৈক টালিগঞ্জবাসীকে পরিচয় করতে গিয়েছিলেন। যথারীতি সেই ভদ্রলোক বলেছেন উনি অরূপ বিশ্বাসকে ভোট দেবেন, তিনি অন্য কাউকে চেনেন না। তিনি বলছেন, শুধু দাঁড়ানোর জন্য দাঁড়িয়েছেন, জেতার জন্য নয়। তাই বিজেপি কর্মীরা বেকার খাটছেন ভাই, আপনার প্রার্থীই তো হার স্বীকার করে নিয়েছেন।'
এবারের নির্বাচনে হাইভোল্টেজ কেন্দ্র টালিগঞ্জ। একেবারে হাড্ডাহাড্ডি লড়াইয়ে, এগিয়ে থাকবেন কে? তা নিয়ে জল্পনা তুঙ্গে। এবারের নির্বাচনে টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অরূপ বিশ্বাস। তাঁর বিপরীতে বিজেপির হয়ে লড়বেন অভিনেত্রী পাপিয়া অধিকারী। অভিনয় জগতে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে পাপিয়ার।
আগামী ২৯ এপ্রিল, বুধবার নির্বাচন। ভোটের আগে প্রচারেই যথেষ্ট বিতর্কে জড়িয়েছেন টালিগঞ্জের বিজেপি প্রার্থী; সঙ্গে থাকা জাতীয় পতাকা দিয়ে ঘাম মুছছেন, মুখ মুছছেন! সেই ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে সমালোচনা। টালিগঞ্জের তৃণমূল নেতা কোহিনূর মজুমদার নিজের ফেসবুক পোস্টে ভিডিওটি শেয়ার করার পাশাপাশি নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছেন। এনিয়ে অবশ্য পদ্ম শিবির বা বিজেপি প্রার্থীর তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

No comments:
Post a Comment