উত্তর ২৪ পরগনা: পুলিশের জালে বারাসতের তৃণমূল কাউন্সিলর অরুণ ভৌমিক। একুশে ভোট পরবর্তী হিংসার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। পাঁচ বছর পরে সেই তৃণমূল কাউন্সিলার অরুণ ভৌমিককে গ্রেফতার করল পুলিশ। বারাসতের ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তিনি। বুধবার সন্ধ্যায় বারাসত থেকেই তাঁকে গ্রেফতার করে পুলিশ।
অন্যদিকে, তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে বিধাননগর পৌর নিগমের ৩৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তথা বোরো চেয়ারম্যান রঞ্জন পোদ্দারকে। বুধবার তাঁকে গ্রেফতার করল বিধাননগর উত্তর থানার পুলিশ। তিনি প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুর অনুগামী বলেও পরিচিত। তাঁর বিরুদ্ধে একাধিক তোলাবাজির অভিযোগ উঠেছিল আগে থেকেই। সেই অভিযোগের ভিত্তিতেই তাঁকে এদিন গ্ৰেফতার করা হয়।
অভিযোগ, সল্টলেক করুণাময়ী বাস স্ট্যান্ড থেকে সরকারি ও বেসরকারি বাস চালকদের কাছ থেকে তোলাবাজি করা হত। সেই অভিযোগে রানা নামে এক যুবককে গ্রেফতার করে বিধাননগর উত্তর থানার পুলিশ। ধৃত রানা কাউন্সিলর রঞ্জন পোদ্দারের ঘনিষ্ঠ বলে এলাকায় পরিচিত। অভিযোগ, শুধু বাস চালক নয়, ওখান থেকে বাস চালাতে গেলে মালিক ও ইউনিয়নকে টাকা দিতেও বাধ্য করা হত।
উল্লেখ্য, পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে গ্রেফতার করেছে ইডি।
রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এসেছে। আর ক্ষমতায় এসেই একেবারে অ্যাকশন মোডে সরকার। দুর্নীতিতে 'জিরো টলারেন্স নীতি' নেওয়া হবে, শপথ নিয়েই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যে দিকে দিকে চলছে ধরপাকড়। তৃণমূলের একাধিক নেতা, কাউন্সিলর থেকে শুরু করে বুথ সভাপতিরা গ্ৰেফতার হচ্ছেন তোলাবাজি, কাটমানি বা কখনও অন্য কোনও দুর্নীতির অভিযোগে। সেই তালিকায় এদিন জুড়ল আরও দুই তৃণমূল কাউন্সিলরের নাম।

No comments:
Post a Comment