লোকসভায় বিজেপিকে সমর্থনের ইঙ্গিত হুমায়ুনের, মুর্শিদাবাদে তৃণমূলকে হারানোর চ্যালেঞ্জ - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, May 9, 2026

লোকসভায় বিজেপিকে সমর্থনের ইঙ্গিত হুমায়ুনের, মুর্শিদাবাদে তৃণমূলকে হারানোর চ্যালেঞ্জ


 বাংলায় প্রথম বিজেপি সরকার গঠনের আবহেই রাজ্যের রাজনীতিতে নতুন জল্পনা তৈরি করলেন আম জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর। শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের দিনেই তিনি স্পষ্ট ইঙ্গিত দিলেন, আগামী লোকসভা নির্বাচনে রাজ্যের অধিকাংশ আসনে বিজেপিকে অঘোষিত সমর্থন করতে পারে তাঁর দল।

শনিবার নতুন সরকারের শপথ অনুষ্ঠানের মাঝেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে হুমায়ুন কবীর জানান, আগামী লোকসভা ভোটে তাঁর দল মূলত উত্তরবঙ্গ ও মুর্শিদাবাদের কয়েকটি আসনে প্রার্থী দেবে। মুর্শিদাবাদের বহরমপুর, জঙ্গিপুর ও মুর্শিদাবাদ কেন্দ্রের পাশাপাশি মালদহের দুটি এবং রায়গঞ্জ— এই ছয়টি আসনে লড়াইয়ের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান তিনি। বাকি আসনগুলোতে বিজেপির বিরুদ্ধে প্রার্থী না দেওয়ারও ইঙ্গিত দেন।

তাঁর কথায়, রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে এবং সেই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়েই আগামী কৌশল ঠিক করা হবে। একই সঙ্গে মুর্শিদাবাদে তৃণমূলকে হারানোর চ্যালেঞ্জও ছুড়ে দেন হুমায়ুন। তিনি দাবি করেন, বহরমপুর থেকে নিজে লড়বেন এবং জঙ্গিপুর-সহ একাধিক কেন্দ্রে তাঁর দলের প্রার্থীরা শক্ত লড়াই দেবে।

রাজনৈতিক মহলের মতে, একসময় তৃণমূলের গুরুত্বপূর্ণ মুখ হিসেবে পরিচিত হুমায়ুন কবীরের এই অবস্থান যথেষ্ট তাৎপর্যপূর্ণ। দল ছাড়ার পর তিনি আম জনতা উন্নয়ন পার্টি গঠন করেন এবং এবারের বিধানসভা নির্বাচনে নওদা ও রেজিনগর— দুই কেন্দ্র থেকেই প্রতিদ্বন্দ্বিতা করেন। দু’টি আসনেই জয়ী হওয়ায় নিয়ম অনুযায়ী তাঁকে একটি আসন ছাড়তে হবে।

হুমায়ুন জানিয়েছেন, রেজিনগর আসনটি ছেড়ে দিয়ে সেখানে উপনির্বাচনে তাঁর ছেলে গোলাম নবী আজাদকে প্রার্থী করা হতে পারে। ইতিমধ্যেই সংগঠন বিস্তারের কাজ শুরু হয়েছে বলেও দাবি করেছেন তিনি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলায় বিজেপির ক্ষমতায় আসার পর বিরোধী রাজনীতির অন্দরেও দ্রুত সমীকরণ বদলাতে শুরু করেছে। সেই আবহেই হুমায়ুন কবীরের এই অবস্থান আগামী দিনে রাজ্যের রাজনীতিতে নতুন জোট ও সমীকরণের ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করা হচ্ছে।

No comments:

Post a Comment

Post Top Ad