কলকাতা: শনিবার বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। শপথ গ্রহণের পর জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে যান নতুন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই শুরু হয় তার সরকারি কাজের। এর পাশাপাশি শপথের পরেই প্রধানমন্ত্রীকে প্রণাম জানিয়ে সমাজ মাধ্যমে বিশেষ পোস্ট শুভেন্দু অধিকারীর।
সমাজমাধ্যমে এক্স পোস্টে বাংলার মুখ্যমন্ত্রী লেখেন, "আপনার আশীর্বাদ ও নির্দেশনা আমার পথ আলোকিত করবে এবং আমাকে অনুপ্রাণিত করবে একটি বিকশিত বাংলা গড়ার মাধ্যমে বিকশিত ভারতের উন্নয়নে অবদান রাখতে।"
পাশাপাশি অন্য একটি পোস্টে রাজ্যবাসীকের প্রণাম ও কৃতজ্ঞতা জানিয়েছেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি লেখেন, "প্রণাম পশ্চিমবঙ্গ। আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে তাঁকে কৃতজ্ঞচিত্তে স্মরণ করে তাঁর চরণে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। তাঁর ভাবনা, আদর্শ চিরকাল আমাদের পথপ্রদর্শক হয়ে থাকবে।"
তিনি লেখেন, "আজ পশ্চিমবঙ্গের নবমতম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলাম। যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জি, যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ জি, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী ও পশ্চিমবঙ্গের বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে আমি পশ্চিমবঙ্গে সুশাসন, নিরাপত্তা ও সর্বাঙ্গীণ উন্নয়ন প্রতিষ্ঠার সংকল্প গ্রহণ করলাম।"
তাঁর বার্তা, "সোনার বাংলা” গড়ার লক্ষ্যে এই সরকার পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষের কাছে অঙ্গীকারবদ্ধ। উন্নয়ন, কর্মসংস্থান, নারী সুরক্ষা, সাংস্কৃতিক মর্যাদা ও গণতান্ত্রিক অধিকার রক্ষাই হবে আমাদের প্রধান লক্ষ্য। আমাকে আপনাদের সেবক হিসেবে কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য পশ্চিমবঙ্গবাসীর প্রতি কৃতজ্ঞতা ও সশ্রদ্ধ প্রণাম জানাই।
উল্লেখ্য, এদিন এর আগে শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার জন্য শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী মোদী। সমাজমাধ্যমে একটা পোস্টে তিনি লেখেন, "পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় শ্রী শুভেন্দু অধিকারী জি-কে অভিনন্দন। তিনি এমন একজন নেতা হিসেবে নিজের ছাপ রেখেছেন যিনি জনগণের সঙ্গে গভীরভাবে সংযুক্ত থেকেছেন এবং খুব কাছ থেকে তাঁদের আকাঙ্ক্ষাগুলো উপলব্ধি করেছেন। তাঁর আগামীর ফলপ্রসূ মেয়াদের জন্য আমার শুভকামনা রইল।"



No comments:
Post a Comment