নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ: যুব তৃণমূল নেতা-ঘনিষ্ঠর বাড়ি থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র-সহ গুলি। ঘটনা মুর্শিদাবাদের বহরমপুরের। বহরমপুর শহর যুব তৃণমূলের সভাপতি পাপাই ঘোষের ঘনিষ্ঠ অসীম সরকারের বাড়ি থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র সমেত বিপুল পরিমাণে গুলি। সেগুলো বাজেয়াপ্ত করেছে বহরমপুর থানার পুলিশ। ওই ঘটনায় অসীমের স্ত্রী টুকু সরকারকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে বহরমপুর পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের গির্জাপাড়া এলাকায় অসীমের বাড়িতে হানা দিয়ে ওই অস্ত্র বাজেয়াপ্ত করে পুলিশ।
শনিবার দুপুরে বহরমপুর থানায় এক সাংবাদিক বৈঠক করে মুর্শিদাবাদের ডেপুটি পুলিশ সুপার (শৃঙ্খল ও প্রশিক্ষণ) সুশান্ত রাজবংশী বলেন, "গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ গির্জাপাড়া এলাকায় অসীম সরকারের বাড়িতে হানা দেয়। সেখান থেকে তিনটে ৭.৬৫ বোরের অত্যাধুনিক পিস্তল ও ৭.৬৫ বোরের ৯০টি গুলি এবং ৫০টি ৯এমএম বোরের গুলি, চারটে ম্যাগজিন বাজেয়াপ্ত করা হয়েছে। ওই ঘটনায় অসীম সরকারের স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ হানা দেওয়ার আগে ওই বাড়িতে পাপাই ঘোষ ও অসীম সরকার ছিল। পুলিশকে দেখে ওই দুজন পালিয়ে যায়। তাদের খোঁজে পুলিশের তল্লাশি চলছে।"
পুলিশের দাবী, এই অস্ত্রশস্ত্র বিভিন্ন অসামাজিক কাজে যারা যুক্ত তাদের সাপ্লাই করা হত। পলাতক দুজনকে খুঁজছে পুলিশ। যেহেতু বাড়িতে এই অস্ত্র ও গুলি মজুদ ছিল তাই অসীম সরকারের স্ত্রী টুকু সরকারক পুলিশ গ্রেফতার করে এবং শনিবার দুপুরে আদালতে পাঠিয়ে তদন্তের স্বার্থে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায়।
পাশাপাশি এই চক্রে আর কারা যুক্ত আছে, তা জানতে তদন্ত শুরু করছে পুলিশ। পলাতক অসীম সরকার বেআইনি আগ্নেয়াস্ত্র চোরাচালানের সঙ্গে কতদিন ধরে যুক্ত, তা জানতে চলছে পুলিশি তদন্ত।

No comments:
Post a Comment