‘আমার বন্ধু, রোমে স্বাগত’! ইতালিতে পৌঁছতেই মোদীর সঙ্গে সেলফি মেলোনির, ভাইরাল ছবি - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, May 20, 2026

‘আমার বন্ধু, রোমে স্বাগত’! ইতালিতে পৌঁছতেই মোদীর সঙ্গে সেলফি মেলোনির, ভাইরাল ছবি


 ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির বিশেষ আমন্ত্রণে পাঁচ দেশের ইউরোপ সফরের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্বে ইতালিতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটি মোদীর প্রথম সরকারি দ্বিপাক্ষিক ইতালি সফর।

ইতালিতে পৌঁছতেই প্রধানমন্ত্রী মোদীকে উষ্ণ অভ্যর্থনা জানান জর্জিয়া মেলোনি। তিনি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে মোদীর সঙ্গে একটি সেলফি পোস্ট করে লেখেন, “রোমে স্বাগত, আমার বন্ধু!” মুহূর্তের মধ্যেই সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

এর আগেও মোদী ও মেলোনির একাধিক ছবি এবং ভিডিও নিয়ে ব্যাপক চর্চা হয়েছিল। ২০২৩ সালে দুবাইয়ের COP28 সম্মেলনে তাঁদের ‘Good friends at COP28’ সেলফি এবং ২০২৪ সালের G7 সম্মেলনে ‘Melodi team’ ভিডিও বেশ জনপ্রিয় হয়েছিল।

ইতালিতে হোটেলে পৌঁছনোর পর প্রবাসী ভারতীয়রাও প্রধানমন্ত্রী মোদীকে উষ্ণ অভ্যর্থনা জানান। তাঁকে বারাণসীর ঘাটের ছবি আঁকা একটি বিশেষ পেন্টিং উপহার দেওয়া হয়।

এই সফরকে কূটনৈতিক ও কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। সফরে ইতালির প্রেসিডেন্ট সের্জিও মাত্তারেলার সঙ্গে দেখা করবেন মোদী। পাশাপাশি প্রধানমন্ত্রী মেলোনির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক এবং দুই দেশের শিল্পপতিদের সঙ্গেও আলোচনা করবেন তিনি। রাষ্ট্রসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO-র সদর দফতরেও যাওয়ার কথা রয়েছে তাঁর।

বিদেশ মন্ত্রকের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের পর থেকে মোদী ও মেলোনির এটি অষ্টম বৈঠক। এবার দুই দেশ ‘যৌথ কৌশলগত কর্মপরিকল্পনা ২০২৫-২৯’-এর অগ্রগতি খতিয়ে দেখবে। পাশাপাশি প্রতিরক্ষা সহযোগিতা, সন্ত্রাসে অর্থ জোগান রোখা এবং নতুন ক্ষেত্রে যৌথ কাজের রূপরেখা চূড়ান্ত হতে পারে।

বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ইতালি ভারতের চতুর্থ বৃহত্তম বাণিজ্য সহযোগী দেশ। ২০২৫ সালে দুই দেশের বাণিজ্যের পরিমাণ প্রায় ১.৩ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে। ২০২৯ সালের মধ্যে সেটিকে আরও বাড়িয়ে ২০ বিলিয়ন ইউরো করার লক্ষ্য নেওয়া হয়েছে।

ভারতে ইতালির বিনিয়োগও বেড়েছে। পাশাপাশি টাটা মোটরসের ইভেকো গ্রুপ অধিগ্রহণের পর ইউরোপে ভারতীয় সংস্থাগুলির আত্মবিশ্বাস আরও বেড়েছে বলে মনে করা হচ্ছে।

দুই দেশ এখন প্রতিরক্ষা সরঞ্জাম যৌথভাবে তৈরি, কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম প্রযুক্তি, গ্রিন হাইড্রোজেন ও পরিচ্ছন্ন শক্তির মতো ক্ষেত্রেও একসঙ্গে কাজ করতে চলেছে।

বর্তমানে ইতালিতে প্রায় ২ লক্ষ ভারতীয় বাস করেন। এছাড়া সেখানে ৫ হাজারেরও বেশি ভারতীয় ছাত্রছাত্রী পড়াশোনা করছেন। দুই দেশের মধ্যে ‘মাইগ্রেশন অ্যান্ড মোবিলিটি অ্যাগ্রিমেন্ট’-এর ফলে নাগরিক ও ছাত্রছাত্রীদের যাতায়াত আরও সহজ হচ্ছে।

আন্তর্জাতিক সৌর জোট (ISA) এবং ভারত-নেতৃত্বাধীন IMEEC প্রকল্পেও ইতালি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই মোদীর এই সফর ভারত-ইতালি সম্পর্ককে আরও শক্তিশালী করবে বলেই মনে করা হচ্ছে।

No comments:

Post a Comment

Post Top Ad