কলকাতা: প্রচণ্ড গরমে প্যাচপেচে ঘাম অস্বস্তি যেন বাড়িয়েই চলেছে। গত কয়েকদিন ধরেই একদম নাজেহাল দশা দক্ষিণবঙ্গের মানুষের। এমনকি এখনই এই পরিস্থিতি থেকে মুক্তি নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। চলতি সপ্তাহের শেষ দিন পর্যন্ত একই রকম আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা এবং জলীয় বাষ্পের পরিমাণ আরও বাড়বে। ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি আরও বাড়তে পারে। যদিও উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, বুধবার কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। বিকেলের দিকে বিক্ষিপ্ত ভাবে অতি সামান্য বৃষ্টি হতে পারে। বুধবার শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৫ ডিগ্রি থেকে ২৭ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৮৭ শতাংশ থেকে ৬৪ শতাংশের আশেপাশে থাকবে। মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস।
বুধবার বিকেলের পরে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছেনদিয়া, পূর্ব বর্ধমান ও বীরভূমে। পাশাপাশি পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, দুই বর্ধমান, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা ও হুগলিতেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বৃহস্পতিবার পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় এবং আগামী শুক্রবার বীরভূম ও মুর্শিদাবাদে ঝড়বৃষ্টির হলুদ সর্তকতা জারি রয়েছে। তবে, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টি হলেও স্বস্তির সম্ভাবনা নেই এখনই।
ওদিকে উত্তরবঙ্গে আবহাওয়ার মেজাজই ভিন্ন। বুধবার দার্জিলিং থেকে মালদা একাধিক জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টি হতে পারে। এমনকি রবিবার পর্যন্ত উত্তরের পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

No comments:
Post a Comment