ঝাঁটা হাতে বারাসত থানার আইসি, নিজেই পরিষ্কার করলেন আবর্জনা - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, May 17, 2026

ঝাঁটা হাতে বারাসত থানার আইসি, নিজেই পরিষ্কার করলেন আবর্জনা


নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা: পুলিশের হাতে সাধারণত বন্দুক দেখেই অভ্যস্ত আমরা। তবে রবিবার সকালে উত্তর ২৪ পরগনার বারাসত থানার আইসি ধরা দিলেন এক ভিন্ন রূপে। নিজেই হাতে তুলে নিলেন মুঠো ঝাঁটা। থানা চত্বর পরিষ্কার করতে নিজেই ময়দানে নামলেন আইসি। 


বারাসত থানার আইসি সৌম্য দে এদিন নিজে হাতে ঝাঁটা তুলে নিয়ে থানার আবর্জনা পরিষ্কার করছেন। রবিবার সকাল থেকেই দেখা গেল এই দৃশ্য। থানার ভেতরে জঞ্জাল পরিষ্কারের কাজ দায়িত্ব নিয়ে নিজেই শুরু করেন তিনি। দুর্ঘটনাগ্ৰস্থ প্রচুর বাইক জমা থাকে থানার সামনে, সেগুলো ওখান থেকে সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হয়। এছাড়াও পাশের বাগান, গাছের পাতা সব মিলিয়ে আবর্জনা, জঞ্জাল জমেছিল থানার সামনে। 


এদিন সব নিজে হাতে পরিষ্কার করেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন থানার অন্যান্য পুলিশ কর্মীরাও। সকলকে একসঙ্গে দেখা যায় এই সাফাই অভিযানে। ঝাড়ু দেওয়ার পর থানার চারপাশে ব্লিচিং পাউডারও ছড়িয়ে দেওয়া হয়। 


এমন দৃশ্য বিগত দিনে কবে চোখে পড়েছে, তা মনে করতে পারছেন না অনেকেই। ঝাঁটা হাতে আইসিকে এভাবে সাফাই অভিযানে দেখে স্বাভাবিক ভাবেই কৌতুহল জাগে অনেকের মনেই। থানার আইসি নিজেই কেন পরিষ্কার করছেন এসব! আইসির কথায়, আমাদের থানা, আমরা না করলে কে করবে! 


সংবাদমাধ্যমের তরফে জানতে চাওয়া হলে, আইসি সৌম্য দে বলেন, 'আমাদের থানা, আমরা না করলে কে করবে! আমি, অন্য অফিসার, সিভিকরা, ফোর্স আমরা সবাই মিলে পরিষ্কার করছি।' পাশাপাশি তিনি এও জানিয়েছেন, সংবাদমাধ্যমে এসব তিনি একেবারেই বলতে চান না। এই বিষয়ে এসপি ম্যাডামকে জিজ্ঞাসা করলেই ভালো হয়। 


তবে যাই হোক। রাজ্য পালাবদলের পর বেশ কিছুই বদলে যাচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জনগণের হিতার্থে একের পর এক সিদ্ধান্ত নিয়েছেন, নির্দেশিকা জারি করেছেন। আর এদিন বারাসত থানা চত্বরে দেখা গেল এমন বিরল দৃশ্য।

No comments:

Post a Comment

Post Top Ad