আসানসোলে পুলিশ ফাঁড়িতে ভাংচুরে বড় পদক্ষেপ, গ্রেফতার ২১ - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, May 17, 2026

আসানসোলে পুলিশ ফাঁড়িতে ভাংচুরে বড় পদক্ষেপ, গ্রেফতার ২১

 


নিজস্ব সংবাদদাতা, আসানসোল: আসানসোলের রেলপাড় এলাকায় পুলিশ ফাঁড়িতে হামলা ও তাণ্ডবের ঘটনায় বড়সড় পদক্ষেপ করল পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোট ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার ধৃতদের আসানসোল জেলা আদালতে তোলা হয়।


পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের মধ্যে শুধু রেলপাড় এলাকার বাসিন্দারাই নন, পুরনো স্টেশন ও রঙ্গনিয়া পাড়া এলাকার কয়েকজনও রয়েছেন। এতে করে তদন্তকারীদের অনুমান, এই ঘটনায় বাইরের লোকজনও জড়িত থাকতে পারে।


উল্লেখ্য, শুক্রবার রাতে জাহাঙ্গীর মহল্লার পুলিশ ফাঁড়িতে মাইক সংক্রান্ত নিয়মকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। অভিযোগ, উন্মত্ত জনতা পুলিশ ফাঁড়িতে আচমকাই হামলা চালায়। পুলিশ ফাঁড়ির ভেতরে ঢুকে চালানো হয় দেদার ভাঙচুর। পুলিশ ফাঁড়ির আশেপাশে থাকা যানবাহন-সহ সরকারি সম্পত্তির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এই ঘটনায় বেশ কয়েকজন পুলিশকর্মী আহতও হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করতে হয়। ঘটনাস্থলে আসে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। স্থানীয় কাউন্সিলররাও ঘটনাস্থলে পৌঁছে জনগণকে শান্ত থাকার আবেদন জানায়। 

পরিস্থিতির যাতে আর অবনতি না হয় সেজন্য এলাকায় টহলদারি বাড়ানো হয় পুলিশের তরফে। 


পরের দিন ঘটনাস্থলে আসেন রাজ্যের মন্ত্রী তথা বিধায়ক অগ্নিমিত্রা পাল। তিনি সাফ জানান দোষীদের চিহিত করে শাস্তির ব্যবস্থা করতে। এদিকে ঘটনার পর থেকেই আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট সিসিটিভি ফুটেজ ও বিভিন্ন ভিডিও ক্লিপ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করার কাজ শুরু করে। টানা অভিযান চালিয়ে বহুজনকে আটক করা হয়, তাদের মধ্যেই ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। 


পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনার তদন্ত এখনও চলছে এবং হামলায় জড়িত আরও কয়েকজনের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। প্রশাসনের স্পষ্ট বার্তা, আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

No comments:

Post a Comment

Post Top Ad