'ডোনাল্ড ট্রাম্পও এত নিচে নামেননি', মমতাকে চরম কটাক্ষ দিলীপের - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, May 4, 2026

'ডোনাল্ড ট্রাম্পও এত নিচে নামেননি', মমতাকে চরম কটাক্ষ দিলীপের


কলকাতা: 'ডোনাল্ড ট্রাম্পও এত নিচে নামেননি', মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এভাবেই কটাক্ষ করলেন বিজেপি নেতা তথা প্রার্থী দিলীপ ঘোষ। তাঁর দাবী, মমতা নিজের কর্মীদের বোকা বানাচ্ছেন। ভোট গণনার মাঝে মুখ্যমন্ত্রীর দেওয়া ভিডিও বার্তা প্রসঙ্গে এদিন চরম কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন দিলীপ ঘোষ। 


এদিন সমাজমাধ্যমে ভিডিও পোস্ট করে দিলীপ ঘোষ বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম বাংলার মানুষকে ১৫ বছর ভাওতা দিয়ে গেলেন, বোকা বানিয়ে গেলেন। কেবল মিথ্যা কথা বলে আর প্রতিশ্রুতি দিয়ে। আজ মানুষ তাঁকে হারিয়ে দিয়েছেন, তাও তিনি হারতে চাইছেন না। এখন নিজের কর্মীদের বোকা বানাচ্ছেন। হেরে গিয়েও আসন ছাড়বেন না, গায়ের জোরে ক্ষমতা দখল করে রাখবেন, সেই চেষ্টা করছেন।"


বিজেপি নেতার কটাক্ষ, "তিনি দিনের বেলা জিততে পারবেন না, উনি বলছেন 'রাতের বেলা আমরা জিতব'। কেন সবকিছু রাতের বেলা করতে হয়? সারাদিন গেল, সূর্য অস্ত গেলে নাকি জিতবেন উনি! পার্টির সূর্য অস্ত চলে গেছে আপনি জিতবেন কী করে! দু তিন দিন ধরে ঝগড়াঝাঁটি করে কর্মীদের মনোবল বাড়ানোর চেষ্টা করেছেন। তাঁরা বুক দুরু-দুরু অবস্থায় কাউন্টিং এজেন্ট হয়ে গেছেন। কিন্তু এখন গিয়ে যা ভয়ংকর অবস্থা দেখছেন, চারিদিকে অন্ধকার। পালিয়ে আসতে চাইছেন। প্রার্থীরা পালিয়ে আসছেন। তাও তিনি জোর করে বলছেন থাকতে, কী চাইছেনটা কী!"


দিলীপ ঘোষ আরও বলেন, "ডোনাল্ড ট্রাম্পও এত নিচে নামেননি, আপনি যা নামছেন। মানুষ হারিয়ে ভূত করে দিয়েছে আপনাকে, তাও জোর করে ক্ষমতা দখল করার জন্য এসমস্ত চালাকি করে যাচ্ছেন। বন্ধ করুন এসব। মানুষ হাসাহাসি করছেন। পশ্চিমবাংলা বহুদিন পর মুক্তি পেয়েছে। লোকেরা মুক্তির আনন্দে আনন্দ করছেন, একটু আনন্দ করতে দিন।"


উল্লেখ্য, এদিন মমতা বন্দ্যোপাধ্যায় এক ভিডিও বার্তায় কর্মীদের উদ্দেশ্যে বলেছেন, "আমি আমাদের সমস্ত কাউন্টিং এজেন্ট, আমাদের দলের সমস্ত কর্মীদের বলব, অত মন খারাপ করার কারণ নেই। আমি বলেছিলাম সূর্যাস্তের পর আপনারা জিতবেন। তিন-চার রাউন্ড গণনা হল, এটা ১৪-১৮ রাউন্ড গণনা হয়। তখন আপনারা জিতবেন। ওয়েট অ্যান্ড ওয়াচ। আমরা সবাই আপনাদের সাথে আছি। আপনারা কেউ ভয় পাবেন না। নিশ্চিন্তে থাকুন। আমরা বাঘের বাচ্চার মত লড়াই করে যাব।"


পাশাপাশি তিনি বলেন, "দয়া করে গণনা এজেন্টরা এবং প্রার্থীরা গণনা কেন্দ্র ছেড়ে কেউ আসবেন না। এটা বিজেপির প্ল্যান। আমি এটা কালকে থেকেই বলছি, প্রথম দু-তিন রাউন্ডে, ওদের গুলো আগে দেখাবে আমাদের গুলো পরে দেখাবে এবং অনেক জায়গায় দু-তিন রাউন্ড পরে প্রায় ১০০টা জায়গায় গণনা বন্ধ করে রেখে দিয়েছে।"


সেই নিয়েই মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা আক্রমণ শানালেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা খড়গপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ।

No comments:

Post a Comment

Post Top Ad