ডায়েরি হাতে জনসাধারণের দুয়ারে বিজেপি বিধায়ক, শুনছেন অভাব-অভিযোগ - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, May 10, 2026

ডায়েরি হাতে জনসাধারণের দুয়ারে বিজেপি বিধায়ক, শুনছেন অভাব-অভিযোগ


নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর: রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। তার পরের দিনই সকাল থেকে জনসাধারণের দুয়ারে বিজেপি বিধায়ক। বাড়ি বাড়ি গিয়ে শুনছেন সাধারণের সমস্যার কথা। ‌মেদিনীপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ১৮২ নম্বর বুথের লালদীঘি এলাকায় সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে সমস্যার কথা শুনছেন। শুধু তাই নয়, সেগুলো ডাইরিতে লিখে রাখছেন মেদিনীপুরের নবনির্বাচিত বিজেপি বিধায়ক ডঃ শঙ্কর কুমার গুচ্ছাইত। বিধায়ককে কাছে পেয়ে খুশি এলাকাবাসীও। 


রবিবার সকালে মেদিনীপুরের নবনির্বাচিত বিজেপির বিধায়ক ডক্টর শংকর গুচ্ছাইত মেদিনীপুর শহরের ৯ নম্বর ওয়ার্ডের লালদীঘি এলাকায় ৭০ বছর বয়সী আশা চৌবে নামে এক বৃদ্ধা মহিলার বাড়িতে যান। তিনি ত্রিপল খাটিয়ে একটি ভাঙাচোরা বাড়ির মধ্যে বসবাস করেন। তাঁর স্বামী প্রয়াত হয়েছেন। তিনি একাই থাকেন। তাঁকে গত ১৫ বছরে সরকারি কোনও সাহায্য দেওয়া হয়নি, দেওয়া হয়নি সরকারি বাড়ি। তিনি বিধায়ককে জানান, ২৫ হাজার টাকা চেয়েছিল, সেই টাকা দিতে না পারায় তাঁকে বাড়ি দেওয়া হয়নি। 


বিধায়ক ডঃ শংকর কুমার গুচ্ছাইত ওই বৃদ্ধা মহিলাকে আশ্বস্ত করেন, আগামী দিনে সরকারিভাবেই তাঁর বাড়ি তৈরি করে দেওয়া হবে। ওই বৃদ্ধা মহিলার যেভাবে থাকেন তা দেখে খুব কষ্ট পেয়েছেন নবনির্বাচিত বিধায়ক ডঃ শঙ্কর কুমার গুছাইত। এছাড়াও তিনি আরও কয়েকটি এলাকায় যান, সাধারণ মানুষের সাথে দেখা করে, তাঁদের অভাব-অভিযোগের কথা শোনেন।


এখনও বিভিন্ন এলাকায় পানীয় জলের সমস্যা রয়েছে, কিছু এলাকায় পানীয় জল এলেও সেই জল ব্যবহারের যোগ্য নয় বলেও তিনি জানান। তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের জল জীবন মিশন থেকে মেদিনীপুর শহরকে বহু টাকা দেওয়া হয়েছে। কিন্তু সেই টাকা দিয়ে মানুষকে বিশুদ্ধ পানীয় জল বাড়িতে পৌঁছে দেওয়ার কথা আজও হয়নি। তাই যেসব এলাকায় পানীয় জলের সমস্যা রয়েছে সেই এলাকাগুলোতে যাতে দ্রুত পানীয় জলের ব্যবস্থা করা যায় তা তিনি প্রশাসনিক স্তরে জানাবেন বলে জানিয়েছেন।


এছাড়াও তিনি বলেন, 'আমি বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি যাব। সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনে তা ডায়েরিতে লিখে রাখব এবং প্রশাসনকে বিষয়টি জানাব, যাতে দ্রুত সমস্যার সমাধান করা হয়।


এদিকে বিধায়ককে কাছে পেয়ে আনন্দিত স্থানীয়রা। ৭০ বছরের বৃদ্ধা আশা চৌবে-সহ ওই এলাকার বাসিন্দারা বিধায়ক বাড়িতে এসে খোঁজখবর নেওয়ায় খুব খুশি। এলাকার বাসিন্দারা বিজেপির নবনির্বাচিত মেদিনীপুরের বিধায়ক ডক্টর শংকর কুমার গুচ্ছাইত শুভেচ্ছা ও অভিনন্দন জানান এজন্য।

No comments:

Post a Comment

Post Top Ad