নিজস্ব সংবাদদাতা, বীরভূম: নির্মাণাধীন বাড়িতে বোমা বিস্ফোরণ। পুরোনো মজুদ বোমা সরাতে গিয়ে বিস্ফোরণ বলে অভিযোগ। বিস্ফোরণে জখম চারজন। গ্রেফতার বাড়ির মালিক-সহ দুই। ঘটনাটি ঘটেছে বীরভূমে। বীরভূমের মাড়গ্রামে গভীর রাতে ভয়াবহ এই বোমা বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে মাড়গ্রাম থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতের দিকে মাড়গ্রামের ধুলফেলা মোড় এলাকা আচমকাই বিকট শব্দে কেঁপে ওঠে। আতঙ্কে বাড়ি থেকে বেরিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। পরে জানা যায়, একটি বাড়িতে মজুদ করে রাখা পুরনো বোমা সরানোর সময় এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় ঘটনাস্থলে থাকা চারজন গুরুতর জখম হন। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পুলিশ সূত্রে খবর, যে বাড়িতে বিস্ফোরণ ঘটে সেই বাড়ির মালিক ডালু শেখ, পেশায় বিদ্যুৎ দফতরের ঠিকাদার। অভিযোগ, তাঁর বাড়িতেই দীর্ঘদিন ধরে বোমা মজুদ করে রাখা ছিল। সেই বোমা অন্যত্র সরানোর সময় অসাবধানতাবশত বিস্ফোরণ ঘটে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।
ঘটনার পর রাতেই এলাকায় পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। ঘিরে ফেলা হয় গোটা এলাকা। তল্লাশি চালিয়ে আরও কোনও বিস্ফোরক মজুদ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই বাড়ির মালিক ডালু শেখ এবং মিশন শেখ নামে আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে বিস্ফোরকের উৎস ও এর সঙ্গে আর কারা জড়িত রয়েছে তা জানার চেষ্টা চলছে।
এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে এলাকায় কীভাবে এত পরিমাণ বোমা মজুদ করা হয়েছিল এবং তার পিছনে কোনও বড় চক্র কাজ করছে কিনা? ঘটনার পর থেকেই আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে মাড়গ্রাম থানার পুলিশ।

No comments:
Post a Comment