গভীর রাতে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই ৭ টি দোকান - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, May 10, 2026

গভীর রাতে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই ৭ টি দোকান


নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম, ১০ মে ২০২৬: গভীর রাতে বিধ্বংসী আগুন। পুড়ে ছারখার সাতটি দোকান। ঘটনা ঘিরে ব্যাপক আতঙ্ক এলাকায়। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রামে। গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঝাড়গ্রাম শহরের লোকাল বোট এলাকায়। আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যে গ্ৰাস করে নেয় একাধিক দোকান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল ও পুলিশ প্রশাসন।


ঝাড়গ্রাম শহরের লোকাল বোট এলাকায় শনিবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে সারিবদ্ধভাবে থাকা সাতটি দোকান। ঘটনায় ব্যাপক আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গোটা এলাকাজুড়ে। সকাল হতেই দোকানগুলোর কঙ্কালসার চেহারা ফুটে ওঠে। 


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গভীর রাতে প্রথমে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর দ্রুত সেই আগুন পাশের দোকানগুলিতেও ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা এতটাই ছিল যে মুহূর্তের মধ্যে পুরো এলাকা ধোঁয়ায় ঢেকে যায়। স্থানীয় বাসিন্দারা আগুন দেখতে পেয়েই দমকল বাহিনীকে খবর দেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনীর একাধিক ইঞ্জিন এবং ঝাড়গ্রাম জেলা পুলিশ। 


দমকল কর্মীদের দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে ঠিকই। কিন্তু ততক্ষণে সাতটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। ঘটনায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ঠিক কী কারণে এই ভয়াবহ আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। তবে স্থানীয়দের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিটের জেরেই এই বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল বিভাগ।

No comments:

Post a Comment

Post Top Ad