মুখ্যমন্ত্রী হয়েই অ্যাকশনে বিজয়! নারী সুরক্ষা ও মাদক পাচার রুখতে বড় পদক্ষেপ - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, May 10, 2026

মুখ্যমন্ত্রী হয়েই অ্যাকশনে বিজয়! নারী সুরক্ষা ও মাদক পাচার রুখতে বড় পদক্ষেপ


ন্যাশনাল ডেস্ক, ১০ মে ২০২৬: তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরপরই ময়দানে নেমে পড়লেন অভিনেতা তথা রাজনীতিক বিজয়। মুখ্যমন্ত্রীর পদ গ্রহণের পর বিজয় তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে স্বাক্ষর করেন, যা অবশ্যই জনগণের সুবিধার্থে। এর মধ্যে রয়েছে ২০০ ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ, নারী সুরক্ষা নিশ্চিত করা এবং মাদক পাচার রোধে একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন।


জনগুরুত্বপূর্ণ বিষয়ে বিজয়ের মনোযোগ-

চেন্নাইতে শপথগ্রহণ অনুষ্ঠানের পরপরই বিজয় তাঁর প্রথম দাপ্তরিক নথিপত্রে স্বাক্ষর করেন। এই তিনটি সিদ্ধান্ত এই বার্তা দেয় যে, তাঁর সরকারের প্রধান লক্ষ্য হল জনগণের স্বস্তি প্রদান এবং আইন-শৃঙ্খলা জোরদার করা। ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহের সিদ্ধান্তটি মধ্যবিত্ত এবং নিম্ন আয়ের জনগোষ্ঠীর জন্য একটি বড় স্বস্তি হিসেবে দেখা হচ্ছে।


মুখ্যমন্ত্রী বিজয়ের প্রধান সিদ্ধান্তসমূহ-

১- ২০০ ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ।

২- মাদক পাচার রোধে বিশেষ টাস্ক ফোর্স।

৩- নারী সুরক্ষা নিশ্চিত করতে বিশেষ টাস্ক ফোর্স।


তামিলনাড়ুতে মাদক চোরাচালান ও পাচার রোধ করতে একটি বিশেষ টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত নিয়েছেন নতুন মুখ্যমন্ত্রী। এই দলটি তামিলনাড়ু জুড়ে মাদক সরবরাহকারী নেটওয়ার্ক এবং চোরাচালানকারী চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।


মুখ্যমন্ত্রী বিজয় নারীর সুরক্ষার জন্য একটি বড় পদক্ষেপ করেছেন। তিনি নারীদের বিরুদ্ধে অপরাধ দমন করতে এবং এই ধরণের ক্ষেত্রে দ্রুত ব্যবস্থা নিশ্চিত করতে একটি পৃথক বিশেষ টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত নিয়েছেন। বিজয় বিশ্বাস করেন যে, এটি নারীদের নিজেদের সুরক্ষার বিষয়ে আত্মবিশ্বাস বাড়াবে।


রবিবার শপথ গ্রহণের পর তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের স্বাক্ষরিত প্রথম আদেশে বিনামূল্যে বিদ্যুৎ, মাদকবিরোধী ব্যবস্থা এবং নারী সুরক্ষার বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল।


বিজয় তাঁর আবেগঘন ভাষণ শুরু করেন তামিল বাক্য 'এন নেনজিল কুডিয়িরুক্কুম' দিয়ে, যার অর্থ 'যে আমার হৃদয়ে বাস করে'। এই বাক্যটি তিনি অতীতেও তাঁর ভক্তদের সম্বোধন করতে প্রায়শই ব্যবহার করেছেন।


মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর প্রথম আদেশেই তামিলাগা ভেট্রি কাজাগাম (টিভিকে) প্রধান বিজয় বিনামূল্যে ২০০ ইউনিট বিদ্যুৎ সরবরাহ, মাদক সমস্যা মোকাবেলার জন্য একটি বিশেষ টাস্ক ফোর্স এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে একটি হেপলাইনসহ বিশেষ বাহিনী গঠনের নির্দেশ দিয়েছেন। তিনি আরও বলেন যে, শিক্ষা, স্বাস্থ্য ও জলের মতো মৌলিক বিষয়গুলিতে তিনি পূর্ণ মনোযোগ রাখবেন। তিনি বলেন, “কৃষক ও জেলেদের যত্ন নেওয়া হবে। সবকিছু ভালো হবে।”


বিজয় বলেন, "একজন সহকারী পরিচালকের ছেলে এখন মুখ্যমন্ত্রী হয়েছেন। আমি দারিদ্র্য ও ক্ষুধা চিনি, আমি রাজপরিবার থেকে আসিনি। আমি অনেক প্রতিকূলতার সম্মুখীন হয়েছি, অনেকেই আমাকে অপমান করেছে। আমি আপনাদের ছেলের মতো, আপনাদের ভাইয়ের মতো, আপনাদের ছোট ভাইয়ের মতো। আপনারা আমাকে আপনাদের হৃদয়ে জায়গা দিয়েছেন, গ্রহণ করেছেন।"


তিনি আশ্বাস দিয়েছেন যে, তিনি কোনও মিথ্যা প্রতিশ্রুতি দেবেন না। তিনি বলেন, “ডিএমকে রাজ্যের কোষাগার পরিষ্কার করেছে এবং আমরা ১০ লক্ষ কোটি টাকার ঋণ নিয়ে দায়িত্ব গ্রহণ করেছি (মার্চ ২০২৭ পর্যন্ত আনুমানিক হিসাব)। আমরা জনগণের তহবিল থেকে এক পয়সাও নেব না এবং কাউকে রাজ্য লুট করতে দেব না।”


ওয়াকিবহাল মহলের মতে, মুখ্যমন্ত্রী হওয়ার পরপরই বিজয়ের নেওয়া এই সিদ্ধান্তগুলো তাঁর অগ্রাধিকারগুলোকে স্পষ্টভাবে প্রতিফলিত করে। একদিকে যেমন তিনি জনগণকে স্বস্তি দেওয়ার চেষ্টা করেছেন, অন্যদিকে তিনি আইন-শৃঙ্খলা এবং নারীর সুরক্ষা সম্পর্কে একটি শক্তিশালী বার্তা দেওয়ারও চেষ্টা করেছেন।

No comments:

Post a Comment

Post Top Ad