বাড়িতে গোপন সুড়ঙ্গ! তৃণমূল নেতার প্রাসাদে ঢুকে চক্ষু চড়কগাছ পুলিশের - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, May 12, 2026

বাড়িতে গোপন সুড়ঙ্গ! তৃণমূল নেতার প্রাসাদে ঢুকে চক্ষু চড়কগাছ পুলিশের


হাওড়া: বাড়ির তলায় গোপন সুড়ঙ্গ। সেখান দিয়ে সিঁড়ির মাধ্যমে চলে যাওয়া যায় নিচের ফ্লোরে। আর সেখানেই রয়েছে বিলাসবহুল সব আসবাবপত্র। শিবপুরে তৃণমূল নেতার বাড়িতে অভিযানে গিয়ে চক্ষু চড়কগাছ পুলিশের। দরজা খুললেই ভিতরে এলাহি ব্যবস্থা। গোটা বাড়ির সিসিটিভি মনিটরিং চলছে ওই ঘর থেকে। নিজের এমনই এক প্রাসাদ তৈরি করেছেন তৃণমূল নেতা মহম্মদ শামিম ওরফে 'বড়ে'। শামিম আহমেদের সেই বাড়ির ছবি ইতিমধ্যেই সামনে এসেছে। হামলার ঘটনায় তল্লাশি চালাতে গিয়ে শামিমের এই গোপন ঘরের খোঁজ পায় পুলিশ।


মধ্য হাওড়ার শিবপুর থানার অন্তর্গত ৩৬ নম্বর ওয়ার্ডের বেতাজ বাদশা শামিম আহমেদ ওরফে বড়ে। এলাকায় কান পাতলেই শোনা যায়, তৃণমূলের ছত্রছায়ায় দীর্ঘদিন থেকে ওই এলাকায় দাপট চালিয়ে এসেছে মধ্য হাওড়ার প্রাক্তন মন্ত্রী অরূপ রায় ঘনিষ্ঠ বড়ে। ভোটের ফল ঘোষণার পর চৌরাবস্তি এলাকা অশান্ত হয়। বোমাবাজি ও গুলি চালানোর ঘটনার অভিযোগ ওঠে বড়ে ও তার দলবলের বিরুদ্ধে।


বিজেপির অভিযোগ বড়ের মদতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় বিজেপি কর্মী-সমর্থকদের ওপর। মূল অভিযুক্তকে গ্রেফতারের দাবীতে সরব হয় মধ্য হাওড়ার বিজেপি কর্মী-সমর্থকরা। পুলিশ কয়েকজনকে আটক করে কিন্তু মাস্টাররমাইন্ড বড়ে ঘটনার পর থেকেই পলাতক। বড়ের খোঁজে অভিযান চালায় হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। আর এই অভিযান চালাতে গিয়েই রীতিমতো তাজ্জব পুলিশ কর্তারা। 


পুলিশ অভিযানের একটি ভিডিও ভাইরাল হয় (ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি)। এমনকি এই অভিযানের ভাইরাল ভিডিও সম্পর্কে হাওড়া সিটি পুলিশের কর্তারা কিছু জানাতে চাননি।তবে, ভাইরাল ভিডিওতে দেখা যায় বেসমেন্টে একটি বিলাসবহুল থাকার জায়গা বানিয়ে রেখেছে বড়ে। ওপর থেকে দেখে বোঝা যেত না নিচে এরকম ঘর রয়েছে। বিলাসবহুল ঘর, বেডরুম থেকে ড্রয়িং রুম, কিচেন, বাথরুম সবই রয়েছে সেখানে। সেখান থেকে সিসিটিভি মনিটরিং করার ব্যবস্থা আছে। কিন্তু ফ্ল্যাটের বাইরে থেকে তা কিছুই বোঝা যেত না। বড়ে এখনও পলাতক। তার সন্ধানে তল্লাশি চালাচ্ছে হাওড়া সিটি পুলিশ।


উল্লেখ্য, রাম নবমীর শোভাযাত্রায় হামলা চালানোর অভিযোগে এনআইএ তদন্তভার নিয়ে গ্রেফতার করেছিল এই বড়েকে।

No comments:

Post a Comment

Post Top Ad