পূর্ণবয়স্ক হাতির মৃতদেহ উদ্ধার, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু! তদন্তে বন দফতর - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, May 19, 2026

পূর্ণবয়স্ক হাতির মৃতদেহ উদ্ধার, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু! তদন্তে বন দফতর


নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম: হাতির মৃত্যুকে ঘিরে উত্তেজনা। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতিটির মৃত্যু হয়েছে বলে অভিযোগ। ঝাড়গ্রামের শালবনিতে মঙ্গলবার সকাল থেকেই এই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা যায়, শালবনি গ্রাম পঞ্চায়েতের গড় শালবনি এলাকার একটি বেসরকারি অতিথিশালায় পূর্ণবয়স্ক একটি পুরুষ হাতির মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমাতে শুরু করেন সাধারণ মানুষ। পরে ঘটনাস্থলে পৌঁছায় বন দফতরের কর্মীরা। মৃত হাতির শরীরে একাধিক ক্ষতচিহ্ন দেখতে পাওয়া যায় বলে দাবী স্থানীয়দের। 


এলাকার বাসিন্দাদের অভিযোগ, ঘটনাস্থলের আশেপাশের বেশ কয়েকটি গাছে বেআইনিভাবে বৈদ্যুতিক সংযোগ দেওয়া ছিল। এর জেরেই বিদ্যুৎস্পৃষ্ট হয়েই হাতিটির মৃত্যু হয়ে থাকতে পারে বলে অনুমান করছেন তারা। যদিও বন দফতরের পক্ষ থেকে এখনও সরকারি ভাবে মৃত্যুর সঠিক কারণ জানানো হয়নি। ঘটনার তদন্ত শুরু করেছে বন দফতর।


ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ঝাড়গ্রাম বিধানসভার বিধায়ক লক্ষীকান্ত সাউ ও ঝাড়গ্রাম থানার পুলিশ। বিধায়ক এলাকাবাসীর সঙ্গে কথা বলেন এবং পুরো পরিস্থিতি খতিয়ে দেখেন। ঘটনাস্থলে এসে তিনি অভিযোগ করেন, পূর্ববর্তী সময়ে বন ও জমি সংক্রান্ত নানা অনিয়মের জের এখনও এলাকায় রয়ে গিয়েছে। পাশাপাশি তিনি বলেন, “যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বনাঞ্চল ও বন্যপ্রাণ রক্ষায় কড়া পদক্ষেপ করা প্রয়োজন।”


এদিন ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। বন দফতর ও প্রশাসনের আধিকারিকরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎপর হন। হাতির মৃত্যুর ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের পরিবেশ তৈরি হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad