কর্মসংস্কৃতি ফেরাতে অভিনব উদ্যোগ, দেরীতে আসা সরকারি কর্মীদের পদ্মফুল দিলেন বিধায়ক - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, May 19, 2026

কর্মসংস্কৃতি ফেরাতে অভিনব উদ্যোগ, দেরীতে আসা সরকারি কর্মীদের পদ্মফুল দিলেন বিধায়ক


বীরভূম: রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পর একগুচ্ছ নতুন সিদ্ধান্ত নিয়েছে। এরই মধ্যে একটি হল সরকারি কর্মীদের সময় মতো কাজে আসার নির্দেশ। কিন্তু অনেকেই দেখা যাচ্ছে সেই নির্দেশিকা এখনও ঠিকঠাক পালন করছেন না। তাই কর্মীদের সচেতন করতে ময়দানে নামলেন বিধায়ক স্বয়ং। না কোনও হুমকি বা শাস্তি নয়, একেবারে গান্ধীগিরি; দেরিতে আসা কর্মীদের হাতে পদ্মফুল তুলে দিলেন বিধায়ক। রামপুরহাটে মহকুমা শাসক দফতরে সোমবার দেখা গেল এই ছবি।  রাজ্য সরকারি দফতরে কর্মসংস্কৃতি ফেরাতে এ এক অভিনব উদ্যোগ বিধায়ক ধ্রুব সাহার।  


রাজ্যে বিজেপি সরকার গঠনের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকারি কর্মচারীদের জন্য নির্দিষ্ট অফিস সময় মেনে চলার নির্দেশ দেন। সেই নির্দেশিকা ঠিকভাবে মানা হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে এদিন সকালে রামপুরহাট মহকুমা শাসক দফতরে পরিদর্শনে যান রামপুরহাটের বিধায়ক ধ্রুব সাহা। এদিন বিজেপি নেতৃত্বদের সঙ্গে নিয়ে মহকুমা শাসকের দফতরে পৌঁছন বিধায়ক। 


এদিন দেখা যায়, অফিস শুরুর নির্দিষ্ট সময়ের পরেও কয়েকজন কর্মী তখনও এসে পৌঁছননি। এরপরেই অনুপস্থিত সরকারী কর্মীর চেয়ার ও টেবিলে ফুল রেখে দিলেন বিধায়ক। এরপর যেসব কর্মচারীরা দফতরে প্রবেশ করেন, তাঁদের হাতে একটি করে পদ্মফুল তুলে দেন বিজেপি নেতৃত্বরা। পাশাপাশি তাঁদের অনুরোধ করা হয়, আগামী দিনে যেন সরকারি নিয়ম মেনে নির্দিষ্ট সময়েই অফিসে যোগ দেন।

    

অন্যদিকে, যেসব কর্মচারী নির্ধারিত সময়ের মধ্যেই অফিসে পৌঁছেছিলেন, তাঁদেরও পদ্মফুল দিয়ে শুভেচ্ছা জানান বিধায়ক ও উপস্থিত বিজেপি নেতৃত্বরা। এই অভিনব কর্মসূচির মাধ্যমে সরকারি দফতরে সময়ানুবর্তিতার বার্তাই তুলে ধরা হয়েছে বলে বিজেপি নেতৃত্বদের দাবী।


বিধায়ক বলেন, "যে অফিসে এসে মানুষ পরিষেবা পাবে না, তাঁকে পরিষেবা পেতে আবার ফিরে আসতে হবে, এই ব্যবস্থা চলবে না। সেজন্য নির্দিষ্ট সময় এসে মানুষকে পরিষেবা দিতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন ১০:১৫-র মধ্যে সরকারি কর্মচারীদের অফিসে আসতে হবে এবং ৫:১৫ পর্যন্ত থাকতে হবে। সেটার অন্যথা হলে আইন আইনের মত চলবে।" সরকারি কর্মীদের উদ্দেশ্যে তাঁর বার্তা, "দেশ কে লিয়ে করেঙ্গে কাম, কাম কা লেঙ্গে পুরো দাম, এই মন্ত্র আপনাদের থাক।"

No comments:

Post a Comment

Post Top Ad