কলকাতা: কয়েকদিন থেকেই প্রখর রোদে দক্ষিণবঙ্গের মানুষের নাজেহাল দশা। তাপমাত্রা বাড়বে বলেই পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস। তবে, এরই মাঝে কিছুটা হলেও এল স্বস্তির খবর। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শুক্রবারের পর শনিবারও দক্ষিণ ও উত্তরবঙ্গের বিস্তীর্ণ অংশে ধেয়ে আসতে পারে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি। বিকেলের পর থেকেই ভোলবদল হতে পারে আবহাওয়ার।
হাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টির সঙ্গেই শনিবার ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ো হওয়া বইতে পারে। এর জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে বর্ধমান, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এবং পুরুলিয়া জেলায়। এখানে জারি করা হয়েছে হলুদ সর্তকতা। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির এক বা দুটি জায়গায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা আছে।
কলকাতায় সকালের দিকে আংশিক মেঘলা আকাশ থাকলেও, বিকেল বা সন্ধ্যার দিকে কলকাতায় বজ্রগর্ভমেঘ তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।এর জেরে শহরের কিছু কিছু এলাকায় ঝোড়ো হাওয়ার সাথে আকস্মিক বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।
অন্যদিকে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বজ্রপাতেরও আশঙ্কা করা হচ্ছে। হাওয়া অফিস জানিয়েছে, এদিন ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। এছাড়াও উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মালদা বা দুই দিনাজপুরের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের।

No comments:
Post a Comment