কলকাতা: ভোল বদলাচ্ছে বাংলার আবহাওয়া। ভ্যাপসা গরমের মাঝেই কালো মেঘে ঢেকেছে আকাশ। ঝড়-বৃষ্টিও হচ্ছে থেকে-থেকে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে। তার জেরেই গোটা সপ্তাহ জুড়ে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া-সহ প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। এছাড়াও বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।উড়িয়ে দেওয়া যাচ্ছে না বজ্রপাতের আশঙ্কাও।
উত্তর শ্রীলঙ্কা উপকূল সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের ওপরে থাকা নিম্নচাপ অঞ্চলটি আপাতত একই জায়গায় অবস্থান করছে। এর সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্তটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৫.৮ কিমি অবধি বিস্তৃত রয়েছে আগামী ২৪ ঘন্টায় আরও সুস্পষ্ট হওয় সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দক্ষিণ পশ্চি মধ্যপ্রদেশের ওপর ঘূর্ণাবর্ত থেকে পূর্ব মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও ঝাড়খণ্ড অতিক্রম করে উপ হিমালয় পশ্চিমবঙ্গ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এছাড়াও আরও একটি ঘূর্ণাবর্ত উপ হিমালয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকার ওপর অবস্থান করছে। এর জেরেই রাজ্য জুড়ে বৃষ্টির থাবা।
তবে, বৃষ্টিতে গরম কিছুটা কমলেও অস্বস্তিকর ভ্যাপসা পরিস্থিতি থাকবে। শুক্রবারের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাস রয়েছে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় মঙ্গলবার আকাশ আংশিক মেঘলা থাকবে। কোথাও কোথাও হালকা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে মঙ্গলবার থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কিছু জায়গায় ঘন্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। পাহাড় ও ডুয়ার্স এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। ফলে নদীর জলস্তর বৃদ্ধি এবং স্থানীয় জল জমার পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন।
এছাড়াও বুধবার একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এদিন দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া জেলায় মিনি কালবৈশাখী সঙ্গে তুমুল বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায়।

No comments:
Post a Comment