কলকাতা: রাজ্যে আজ ভোটগণনা। আর এই দিনই বাংলার আকাশে দুর্যোগের ছায়া। কালবৈশাখীর তাণ্ডব, সঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা। দক্ষিণবঙ্গে কালবৈশাখীর তাণ্ডব হতে পারে বেশ কিছ জেলাতে। দ্বিতীয় দফায় নির্বাচনের দিনের মতোই দুপুরের পর থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। সকাল থেকেই মেঘলা আকাশ; বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি। প্রায় সব জেলাতেই কালবৈশাখীর সম্ভাবনা, এমনই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
হাওয়া অফিস জানিয়েছে, ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে হুগলি, পূর্ব বর্ধমান এবং উত্তর ২৪ পরগনা জেলাতে। সঙ্গে বজ্রবিদ্যুৎ। এর পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা-মাঝারি বৃষ্টি, সেইসঙ্গে সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে হাওয়া, সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা।
উত্তরবঙ্গেও কালবৈশাখীর তাণ্ডব হতে পারে, মালদা জেলাতে বইতে পারে ঝড়। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতেও ভারী বৃষ্টি সম্ভাবনা। এছাড়া বাকিসব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝড়ো হাওয়াল সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, সঙ্গে ৪০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়ার সর্তকতা দিয়েছে হাওয়া অফিস।
মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের উপকূল এবং উত্তর উড়িষ্যা উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা। ৫ই মে পর্যন্ত নিষেধাজ্ঞা হাওয়া অফিসের। সমুদ্র উত্তাল থাকবে। সমুদ্রপৃষ্ঠে ঝড়ো হাওয়া ৬০ কিলোমিটার সর্বোচ্চ প্রতি ঘন্টায় বইতে পারে।
রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে রাজ্য জুড়ে। বিক্ষিপ্তভাবে কালবৈশাখী এবং ঝড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি আজ এবং মঙ্গলবার হতে পারে বেশিরভাগ জেলাতে। বুধবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা কমবে তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে হালকা ঝড়ো হওয়া চলবে, জানিয়েছে আবহাওয়া দফতর।

No comments:
Post a Comment