কলকাতা: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন। শুক্রবার সকাল সাড়ে দশটার আগে সিজিও কমপ্লেক্সে হাজির হন রথীন ঘোষ। পুর নিয়োগ দুর্নীতি মামলায় এর আগে বহুবার তাঁকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ৫ বার তাঁকে তলব করেছিল ইডি। কিন্তু প্রথমে ভোটের কাজ এবং পরবর্তীতে বাথরুমে পড়ে গিয়ে চোটের কথা জানিয়ে হাজিরা এড়িয়ে যান তিনি। শেষমেষ শুক্রবার সকালে ইডি দফতরে হাজিরা দিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী।
এদিন সংবাদমাধ্যমের তরফে প্রশ্ন করা হলে রথীন ঘোষ বলেন, 'আমাকে কিসের জন্য ডেকেছে জানিনা, ভেতরে গেলে জানতে পারব।' আইনজীবীদের সঙ্গে নিয়ে এদিন সিজিওতে হাজির হন রথীন ঘোষ।
নির্বাচনের আগে রথীন ঘোষ ইডি-কে জানিয়েছিলেন, ভোটের কাজের জন্য ব্যস্ত রয়েছেন। তাই তিনি আসতে পারছেন না। নির্বাচনের পরে যখন তাঁকে নোটিস পাঠানো হয়, তিনি ইডি-কে জানিয়েছিলেন বাথরুমে পড়ে গিয়ে পায়ে চোট পেয়েছেন। ডাক্তার তাঁকে ১০ দিনের বেড রেস্ট দিয়েছেন। মূলত তাঁকে পুর নিয়োেগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ করতে চান ইনি আধিকারিকরা। আজ ইডি-কে না জানিয়ে চলে আসেন প্রাক্তন খাদ্যমন্ত্রী।
এর আগে পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে হাজিরা দিয়েছিলেন রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু। গত সোমবার দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর ইডি তাঁকে গ্ৰেফতার করে। বয়ানে অসঙ্গতি ও তদন্তে অসহযোগিতার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়, বাজেয়াপ্ত করা হয় তাঁর ফোন। মঙ্গলবার তাকে ব্যাঙ্কশাল কোর্টে পেশ করা হলে ১০ দিনের ইডি হেফাজতের নির্দেশ দেওয়া হয়।
এর আগে বৃহস্পতিবার রাতেই কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার তথা কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনু সিনহা বিশ্বাসকে দীর্ঘ জেরার পর গ্রেফতার করেছে ইডি।
গত অক্টোবর ২০২৩ এবং জানুয়ারি ২০২৪-এ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাঁকে জিজ্ঞাসাবাদ করলেও, নির্বাচনের আগে পাঠানো সমনগুলিতে তিনি সাড়া দেননি। তবে ভোটের ফল প্রকাশের পর তদন্তকারীদের চাপ বাড়তেই আজ সকালে তদন্তের মুখোমুখি হলেন রথীন। এদিনের এই জিজ্ঞাসাবাদে রথীন ঘোষের কাছ থেকে নতুন কোনও তথ্য উঠে আসে কিনা, সেদিকেই তাকিয়ে বিভিন্ন মহল।

No comments:
Post a Comment