দক্ষিণ ২৪ পরগনা: ফলতায় ফের হবে নির্বাচন। ভোটের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। ২১ মে ফলতা বিধানসভায় নির্বাচন হবে। ঐদিন সকাল সাতটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত ভোট গ্রহণ হবে। ফলতায় ২৮৫টি বুথে ফের ভোট গ্ৰহণ হবে। ২৪ মে ফলতার ভোটের গণনা হবে এবং ফল ঘোষণা করা হবে।
কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, ফলতায় ২৯ এপ্রিল বুধবার যে ভোট গ্রহণ হয়েছে তা পুরোপুরি অবৈধ। ফলতা ছাড়া ২৯৩ টি বিধানসভা নির্বাচনের গণনা সোমবার অর্থাৎ ৪ঠা মে হবে বলেই জানিয়েছে কমিশন।
বিজেপি ফলতায় সম্পূর্ণ পুনঃভোটের দাবী করেছিল। ২৯ এপ্রিল, ২০২৬-এর নির্বাচনের সময় ফলতা বিধানসভা কেন্দ্রের বিপুল সংখ্যক ভোটকেন্দ্রে কারচুপি ও গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হওয়ার অভিযোগ মেলে। এর পরেই এদিন শনিবার, নির্বাচন কমিশন পুনঃভোটের নির্দেশ জারি করল।
আগের প্রার্থীরা কবে থেকে আবার ফের সেখানে প্রচার করতে পারবেন এবং সেখানে আচরণ বিধি কবে থেকে কীভাবে লাগু থাকবে তা নিয়ে পরবর্তী নির্দেশিকা কমিশন খুব শীঘ্রই জারি করবে বলে জানা গিয়েছে। ফলতায় ১৮ টি বুথকে ঘিরে মূলত ইভিএম মেশিনে টেপ লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল। কোন কোন ইভিএম মেশিনে বোতামে আতর লাগিয়ে দেওয়া হয়েছিল বলেও অভিযোগ ওঠে। আর শনিবার সকাল থেকেই পুনর্নির্বাচনের দাবীতে পথে নামে ফলতা। পথ অবরোধে উত্তেজনা, ইভিএম নিয়ে নতুন বিতর্ক দেখা দেয়। ফলতা এলাকায় পুনর্নির্বাচনের দাবীতে রাস্তায় নামেন স্থানীয় বাসিন্দারা। পথ অবরোেধ ঘিরে এলাকায় উত্তেজনা ছড়ায়।
প্রসঙ্গত, দক্ষিণ ২৪ পরগনা জেলার মগরাহাট ও ডায়মন্ড হারবারে মোট ১৫টি বুথে পুনর্নির্বাচন হয় শনিবার। তবে ফলতায় দ্বিতীয় দফার ভোটের দিন ইভিএম কারচুপির অভিযোগ উঠলেও শনিবার দুপুর পর্যন্ত নির্বাচন কমিশন সেখানে পুনর্নির্বাচনের ঘোষণা দেয়নি। এই পরিস্থিতিতে বিক্ষুব্ধ ভোটাররা রাস্তায় নেমে পুনর্নির্বাচনের দাবী তোলেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের অভিযোগ, ইচ্ছাকৃতভাবে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে বিজেপি। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে ওঠে। শেষমেষ শনিবার রাতে ফলতার ভোট গণনা স্থগিত রেখে ফের নতুন করে ভোট গ্রহণের দিন ঘোষণা করল কমিশন।

No comments:
Post a Comment