ঝড়-জলে ধান চাষের মারাত্মক ক্ষতি, মাথায় হাত চাষিদের - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, May 3, 2026

ঝড়-জলে ধান চাষের মারাত্মক ক্ষতি, মাথায় হাত চাষিদের

 


নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম: একটানা কয়েকদিনের বৃষ্টি ও ঝড়ো হাওয়ার জেরে ধান চাষে মারাত্মক ক্ষতি। মাঠে মাঠে ধান গাছ লুটিয়ে পড়ে রয়েছে, বহু জমিতে জল জমে ডুবে গেছে ফসল। ঝাড়গ্রাম জেলার বিভিন্ন প্রান্ত থেকে একই চিত্র সামনে এসেছে। এতে করে চাষিদের মনে চরম উদ্বেগ তৈরি হয়েছে। কীভাবে কী করবেন, কিছুই বুঝে উঠতে পারছেন না। রীতিমতো মাথায় হাত তাঁদের। 


ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের হিজলা, রায়পাল, জুনশোলা, বাঘুয়াশোল, গোয়ালমারা এলাকায় সবচেয়ে বেশি ক্ষতির খবর মিলেছে। পাশাপাশি সাঁকরাইল, নয়াগ্রাম, ঝাড়গ্রাম ও বিনপুর ব্লকেও ধান ও সব্জি চাষে ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।


স্থানীয় চাষি সৌমেন পাল জানান, “ধান চাষে ক্ষতি প্রায় সবারই হয়েছে। হাজার হাজার বিঘা জমির ফসল নষ্ট হয়েছে। ঋণ নিয়ে চাষ করেছি, এবার ফলন ভালো হওয়ার আশা ছিল। কিন্তু এই অবস্থায় দোকানের দেনা কীভাবে মেটাব বুঝতে পারছি না। সরকারও এখন কোনও সাহায্যের আশ্বাস দেয়নি।”


আরেক চাষি সরমা সরেন বলেন, “ট্রাক্টর দিয়ে জমিতে কাদো করা হয়েছিল। যদি ধান কাটাই না করতে পারি, তাহলে সেই খরচ কীভাবে শোধ করব? জমিতে এখনও জল জমে আছে, আরও বৃষ্টি হলে ধান গেজিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।”


চাষিদের দাবী, দ্রুত প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখে আর্থিক সহায়তা প্রদান করা হোক। নইলে বিপাকে পড়বেন হাজার হাজার কৃষক পরিবার। আবহাওয়ার পরিস্থিতি উন্নতি না হলে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা।

No comments:

Post a Comment

Post Top Ad