নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ, ১৪ মে ২০২৬: দিনেদুপুরে দুঃসাহসিক ডাকাতি। বন্দুক দেখিয়ে সোনার শোরুমে দেদার লুটপাট। ঘটনা মুর্শিদাবাদের শামসেরগঞ্জে। বৃহস্পতিবার দুপুরে শামসেরগঞ্জের রতনপুর এলাকায় এই ডাকাতির ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রতনপুরের নামি শোরুমে আচমকাই হানা দেয় ৬ জনের এক দুষ্কৃতী দল। প্রত্যেকেই সাদা পোশাকে ছিল এবং তাদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল বলে অভিযোগ।
প্রত্যক্ষদর্শীদের দাবী, একটি সাদা রঙের টিভিএস অ্যাপাচি মোটরসাইকেলে করে দুষ্কৃতীরা শোরুমের সামনে আসে। এরপর মুহূর্তের মধ্যেই বন্দুক বের করে ফেলে, এতেই আতঙ্কিত হয়ে পড়েন শোরুমের কর্মীরা। তারপর শোরুম থেকে বিপুল পরিমাণ সোনার গয়না লুট করে চম্পট দেয় তারা।
ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শামসেরগঞ্জ থানার পুলিশ। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের কথায়, 'হঠাৎই আমরা চিৎকার শুনতে পাই। ছুটে গিয়ে দেখি সোনার দোকানে ডাকাতি করা হয়েছে।' দিনেদুপুরে জনবহুল এলাকায় এই সোনার গয়না লুটের ঘটনায় অন্যান্য ব্যবসায়ীদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। যদিও পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ দেখে সমগ্র ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে।
তবে ঠিক কত পরিমাণ সোনার গয়না লুট হয়েছে, তা এখনও পর্যন্ত স্পষ্টভাবে জানা যায়নি। পুলিশের প্রাথমিক অনুমান, পরিকল্পনা করেই এই দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটানো হয়েছে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। শোরুমের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি আশেপাশের একাধিক সিসিটিভি ক্যামেরার ফুটেজও সংগ্রহ করা হচ্ছে।

No comments:
Post a Comment