কলকাতা: ভোটগণনা এখনও শেষ হয়নি। এরই মাঝে বাংলায় বিজেপির জয়ের উচ্ছ্বাস প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমাজমাধ্যম পোস্টে তিনি লেখেন, 'পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে।' সেইসঙ্গে লিখলেন, ছাব্বিশের নির্বাচন চিরস্মরণীয় হয়ে থাকবে।
এদিন সোমবার এক্স পোস্টে প্রধানমন্ত্রী মোদী লেখেন, "পশ্চিমবঙ্গে ফুটল পদ্ম! ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন চিরস্মরণীয় হয়ে থাকবে। জনগণের শক্তির জয় হয়েছে এবং বিজেপির সুশাসনের রাজনীতি জয়ী হয়েছে। আমি পশ্চিমবঙ্গের প্রত্যেক ব্যক্তিকে প্রণাম জানাই।"
তিনি আরও লেখেন, "জনগণ বিজেপিকে এক অভূতপূর্ব রায় দিয়েছেন এবং আমি তাঁদের আশ্বাস দিচ্ছি যে, আমাদের দল পশ্চিমবঙ্গের মানুষের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণের জন্য সম্ভাব্য সবকিছু করবে। আমরা এমন একটি সরকার দেব, যা সমাজের সকল স্তরের মানুষকে সুযোগ ও মর্যাদা নিশ্চিত করবে।"
এই জয়ের জন্য দলীয় কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন এবং তাঁদের দলের শক্তি বলে বর্ণনা করেছেন প্রধানমন্ত্রী মোদী। তাঁর পরবর্তী পোস্টে প্রধানমন্ত্রী মোদী লেখেন, "প্রজন্ম ধরে অগণিত কর্মীর প্রচেষ্টা ও সংগ্রাম ছাড়া পশ্চিমবঙ্গে বিজেপির এই রেকর্ড-ভাঙা বিজয় সম্ভব হতো না। আমি তাঁদের সকলকে স্যালুট জানাই।"
তিনি আরও লেখেন, "বছরের পর বছর ধরে তাঁরা মাটির স্তরে সব ধরণের প্রতিকূলতার সম্মুখীন হয়ে কঠোর পরিশ্রম করেছেন এবং আমাদের উন্নয়ন কর্মসূচির কথা তুলে ধরেছেন। তাঁরাই আমাদের দলের শক্তি।"
উল্লেখ্য, ভোট গণনা চলছে। বিজেপি এখন পর্যন্ত বিপুল আসনে এগিয়ে রয়েছে। গেরুয়া ঝড়ে রীতিমতো উড়ে যেতে বসেছে জোড়াফুল। দিকে দিকে উৎসবের আমেজে মেতে উঠেছেন বিজেপি কর্মী-সমর্থকরা। গেরুয়া আবির খেলা থেকে মিষ্টি বিতরণ চলছে। এরই মাঝে প্রধানমন্ত্রী মোদীর এই বার্তা, জয়ের আনন্দে যেন অন্য মাত্রা যোগ করল।



No comments:
Post a Comment