তৃণমূলের যুব নেতাকে বেধড়ক মার, চোখ ফেটে রক্তক্ষরণ! চরম উত্তেজনা গণনা কেন্দ্রে - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, May 4, 2026

তৃণমূলের যুব নেতাকে বেধড়ক মার, চোখ ফেটে রক্তক্ষরণ! চরম উত্তেজনা গণনা কেন্দ্রে


বর্ধমান: গণনা কেন্দ্রের ভেতরেই চরম উত্তেজনা। অভিযোগ, গণনা চলাকালীনই হাতাহাতিতে জড়াল তৃণমূল-বিজেপি। তৃণমূল কংগ্রেসের যুব নেতা সৌভিক পানকে মারধরের অভিযোগ বিজেপি কর্মীদের বিরুদ্ধে। ঘটনাস্থল বর্ধমান শহরের ইউটিআই কলেজ। জানা গিয়েছে, আক্রান্ত যুবনেতা তৃণমূলের এজেন্ট হিসেবে কাজ করছিলেন। 


সূত্রের খবর, গণনা প্রক্রিয়া চলার সময় কোনও একটি বিষয়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে বচসা বাধে। মুহূর্তের মধ্যে সেই বচসা হাতাহাতিতে রূপ নেয়। অভিযোগ, সেই সময় বিজেপি কর্মীরা তৃণমূল যুব নেতা সৌভিক পানকে ঘিরে ধরে মারধর করেন। ঘটনায় গণনা কেন্দ্রের ভেতরে আতঙ্কের পরিবেশ তৈরি হয় এবং কিছু সময়ের জন্য পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।


খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মোতায়েন থাকা পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত সৌভিক পানকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। অভিযোগ, মারের চোটে গুরুতর জখম হয়েছেন তিনি এবং এই মারধরের জেরে তাঁর চোখ ফেটে রক্তক্ষরণ হয়। তবে, বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। 


এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, পরিকল্পিতভাবে তাঁদের কর্মী-নেতাদের ওপর হামলা চালানো হচ্ছে যাতে গণনা প্রক্রিয়ায় প্রভাব ফেলা যায়। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে পাল্টা দাবী করা হয়েছে, প্রথমে তৃণমূল কর্মীরাই উত্তেজনা ছড়িয়েছিলেন এবং সেই থেকেই পরিস্থিতি হাতের বাইরে যায়।


উল্লেখ্য, বর্ধমানের এই স্ট্রংরুমের নিরাপত্তা নিয়ে এর আগেও বিতর্ক তৈরি হয়েছিল। দেওয়াল টপকে এক ব্যক্তির ছাদে ওঠার ভিডিও সামনে এসেছিল (ভিডিওর সত্যতা যাচাই করেনি প্রেসকার্ড নিউজ)। আর গণনার দিন এই রক্তারক্তি কাণ্ড ঘিরে তীব্র উত্তেজনা ছড়ায়।

No comments:

Post a Comment

Post Top Ad