তৃণমূল নেতার সাম্রাজ্য! হদিশ আলিশান বাগান বাড়ির, পনেরো বছরে ৬৪ জমির মালিক ব্লক সভাপতি - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, May 21, 2026

তৃণমূল নেতার সাম্রাজ্য! হদিশ আলিশান বাগান বাড়ির, পনেরো বছরে ৬৪ জমির মালিক ব্লক সভাপতি


নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর: সম্প্রতি দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক দিলীপ মণ্ডলের সুবিশাল সুসজ্জিত বাড়ির হদিশ মিলেছিল। এবারে তৃণমূল ব্লক সভাপতি প্রদীপ করের সাম্রাজ্যের হদিশ। পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত ডেবরা ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ কর ৬৪ টি জমি-জায়গার মালিক! রয়েছে আলিশান বাগানবাড়ি, যা দেখলে চক্ষু চড়কগাছ হওয়ার মত অবস্থা। তৃণমূলের জামানাতেই হয়েছে এই সব, দাবী বিজেপির। প্রভাব থাকার ভয়ে মুখ খুলছিলেন না এলাকাবাসীরা। তবে প্রশ্ন হচ্ছে, কীভাবে হল এত সম্পত্তি? তদন্ত চায় বিজেপি। 


পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের বালিচক এলাকায় বাস। এক সময় হাতে সেই ভাবে কোনও টাকা ছিল না। তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরেই হু হু করে বেড়েছে সম্পত্তির পরিমাণ, এলাকায় কান পাতলেই শোনা যায় এই ধরণের কথা। ১৫ বছরের মধ্যে শুধু নিজের নামেই ৬৪ টি প্লটের জায়গা কেনা হয়েছে, যার মূল্য কয়েক কোটি টাকা। তারপর বালিচক শহরের ছাড়িয়ে পাকুই গ্রামের পাশে মাঠের মাঝখানে রয়েছে আলিশান বাগান বাড়ি। পুকুর ভরা মাছ, ফুল ফলের বাগান, তিনতলা বাড়ি। প্রায় ৩ বিঘারও বেশী জায়গাতে গড়ে উঠেছে আলিশান এই বাগান বাড়ি। 


দাপট থাকায় সেই ভাবে কেউই মুখ খুলতে পারতেন না। তবে পালা বদলের পর ধীরে ধীরে সবাই মুখ খুলতে শুরু করেছেন। না কোনও চাকরি, না কোনও ব্যবসা, তাহলে এতো টাকা এলো কোথা থেকে? অনেকেই বলছেন কাটমানি থেকেই হয়েছে সব কিছু। তৃণমূলের ছাত্র সংগঠন থেকে যুব। আগের টার্মে পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ, এরপর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি, তারপর বর্তমান তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি। কীভাবে বাড়ল এই সম্পত্তি? এই নিয়ে অনেকের মনেই প্রশ্ন। 


এলাকার বিজেপি নেতা তথা এলাকার বাসিন্দা অসিত কুমার রাউত দাবী জানিয়েছে, পুরো সম্পত্তি এবং বাগানবাড়ি কীভাবে হল তার তদন্ত হওয়া উচিৎ। নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেও এই নিয়ে প্রশ্ন তুলছেন। 


উল্লেখ্য, সম্প্রতি তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের চোখ ধাঁধানো বাড়ির সন্ধান মেলে। পৈলানে বিশাল এলাকা জুড়ে সেই বাড়ি। বাড়ির সংলগ্ন বাগানে সুইমিং পুল, দোলনা, শৌখিন সব মূর্তি। যে কোনও বিলাসবহুল রিসোর্টকেও হার মানাবে সেই বাড়ি। এবারে মিলল তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতির সাম্রাজ্যের হদিশ।

No comments:

Post a Comment

Post Top Ad