কলকাতা: প্রোমোটারকে মারধর ও তোলাবাজি অভিযোগে গ্রেফতার অমিত চক্রবর্তী ওরফে ননী। রঘুনাথপুরের প্রোমোটার কিশোর হালদারকে মারধর ও তোলাবাজির অভিযোগে মঙ্গলবার গভীর রাতে তাকে গ্ৰেফতার করা হয়। জানা গিয়েছে, বিধাননগর পৌরনিগমের মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ সহযোগী বা ছায়াসঙ্গী হিসেবে পরিচিত এই ননী। আজ বুধবার তাকে বারাসত আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে। এই মামলায় আগেই গ্ৰেফতার করা হয়েছে নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস কাউন্সিলর সমরেশ চক্রবর্তীকে।
জানা গিয়েছে, তেঘরিয়া মালঞ্চপাড়া এলাকার ক্রিস টাওয়ারের বাসিন্দা মৃত ক্ষিতীশ হালদারের পুত্র কিশোর হালদার (৫০) একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগকারীর বক্তব্য অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বর মাসে বাগুইআটি থানার অন্তর্গত রঘুনাথপুর এলাকায় এই ঘটনা ঘটে। প্রোমোটার কিশোর হালদারের কাছ থেকে ৫০ লক্ষ টাকা তোলা দাবী করা হয়। অভিযোগ, এলাকায় নির্মাণ কাজ চালানোর জন্য বিভিন্ন সময় এই ধরণের আর্থিক চাপ সৃষ্টি করা হতো।
কিশোর হালদার প্রথমে পরিস্থিতি সামলাতে ৩ লক্ষ টাকা দেন। তবে, এরপর বাকি টাকা দিতে অস্বীকার করতেই পরিস্থিতি অন্য রূপ নেয়। অভিযোগ অনুযায়ী, তাকে বন্দুকের বাট এবং লোহার রড দিয়ে নির্মমভাবে মারধর করা হয়। ঘটনায় গুরুতরভাবে আহত হন প্রোমোটার কিশোর হালদার। পরে তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করতে হয়। এই ঘটনার পরেই বাগুইআটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন কিশোর হালদার। অভিযোগে তিনি স্পষ্টভাবে অমিত চক্রবর্তী ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে ভয় দেখিয়ে টাকা আদায় এবং প্রাণঘাতী হামলার অভিযোগ তোলেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ।
অভিযোগের ভিত্তিতে নয় নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস কাউন্সিলর সমরেশ চক্রবর্তীকে আগেই গ্ৰেফতার করা হয়। এরপর এদিন অমিত চক্রবর্তীকে গ্রেফতার করল বাগুইআটি থানার পুলিশ।

No comments:
Post a Comment