নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান: দিন হোক বা রাত, জাতীয় সড়কে নিত্যদিন ঘটছে দুর্ঘটনা। এই পরিস্থিতিতে এবারে অভিযানে নামল কাঁকসা ট্রাফিক গার্ডের পুলিশ। ১৯ নম্বর জাতীয় সড়কের ধারে বেআইনিভাবে পার্কিং করে রাখা লরি ও অন্যান্য ভারী যানবাহনের বিরুদ্ধে কড়া পদক্ষেপে কাঁকসা ট্রাফিক গার্ডের পুলিশ। শনিবার রাত থেকে শুরু হয় এই অভিযান।
কাঁকসা বাঁশকোপা টোল প্লাজা থেকে জাতীয় সড়কের দুই ধারে বেআইনিভাবে দাঁড়িয়ে থাকা গাড়ির চালকদের কারণ জিজ্ঞাসা করার পর তাদের নথিপত্র খতিয়ে দেখেন কাঁকসা ট্রাফিক গার্ডের ওসি আশরাফুল ইসলাম ও ট্রাফিক পুলিশের আধিকারিকরা।
ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, একদিকে বিভিন্ন ভারী যানবাহন জাতীয় সড়কের অধিকাংশ জায়গা দখল করে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে, যার কারণে জাতীয় সড়ক সংকীর্ণ হয়ে যায়। দ্রুত গতিতে গাড়ি চলাচলের সময় নিয়ন্ত্রণ হারিয়ে নিত্যদিন ঘটছে দুর্ঘটনা। অন্যদিকে বেআইনিভাবে পার্কিং করা গাড়িগুলি হঠাৎ জাতীয় সড়কের উঠতে যাওয়ার সময় পিছন থেকে আসা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় কবলে পড়ছে। তাই জাতীয় সড়কের দুর্ঘটনা রুখতে পুলিশের পক্ষ থেকে এই অভিযান চালানো হয়।
অন্যদিকে বেআইনিভাবে পার্কিং করা গাড়ি চালকেরা গাড়ি দাঁড় করানোর বিষয়ে নানান অজুহাত দিতে থাকে। তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে দুর্ঘটনা রুখতে তাদের এই অভিযান লাগাতার চলবে।
ট্রাফিক আইন সম্পর্কে প্রশাসনের তরফে বারবার জনসাধারণকে সচেতন করা হয়। কারণ অসাবধানতা ও নিত্যদিনের কিছু ভুল কেড়ে নেয় তরতাজা প্রাণ। দুরন্ত গতিই যে শুধু দুর্ঘটনার কারণ হয়, তা কিন্তু নয়। সঠিক ভাবে ট্রাফিক আইন না মানা, অবৈধ পার্কিং এসবও দায়ী আকস্মিক দুর্ঘটনার জন্য। আর দুর্ঘটনা রুখতেই এদিনের এই অভিযান ট্রাফিক পুলিশের।

No comments:
Post a Comment