ওয়ার্ল্ড ডেস্ক, ০৮ জুন ২০২৬: ভোরের আলো ফুটতেই কেঁপে উঠল ফিলিপাইন। ফিলিপাইনের দক্ষিণ উপকূলের কাছে ৭.৮ মাত্রার তীব্র ভূমিকম্প আঘাত হেনেছে। অনেক জায়গায় প্রচণ্ড কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের পর ফিলিপাইনসহ বেশ কয়েকটি দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় পুলিশের মতে, দক্ষিণ ফিলিপাইনের এই ভূমিকম্পে একজন নিহত এবং বেশ কয়েকটি ভবন ধসে পড়েছে।
পুলিশ এএফপিকে জানিয়েছে যে, সোমবার দক্ষিণ ফিলিপাইনে ৭.৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এতে অন্তত একজন নিহত ও চারজন আহত হন এবং বেশ কয়েকটি ভবন ধসে পড়ে। জেনারেল সান্তোস সিটি পুলিশের মাস্টার সার্জেন্ট রবার্ট ডাগান বলেন, "অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু আমরা এখন সঠিক সংখ্যা জানাতে পারছি না কারণ আমরা উদ্ধার অভিযানে ব্যস্ত।"
ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) অনুসারে, সমুদ্রের তলদেশের এই ভূমিকম্পটি মিন্দানাওয়ের সারাঙ্গানি প্রদেশের প্রায় ২৪ কিলোমিটার পশ্চিমে, ৩৫ কিলোমিটার (২২ মাইল) গভীরে আঘাত হানে। সমাজমাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, প্রদেশটির জেনারেল সান্তোস শহরের একটি শপিং সেন্টার ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং অন্য একটি ভিডিওতে স্থানীয় একটি স্কুল ক্যাম্পাসের ভবন ধসে পড়তে দেখা যায়।
প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে, আগামী তিন ঘন্টার মধ্যে ফিলিপাইন, ইন্দোনেশিয়া, পালাউ, তাইওয়ান এবং পাপুয়া নিউ গিনির উপকূলে সুনামির ঢেউ আঘাত হানতে পারে। জাপানি কর্তৃপক্ষ পৃথকভাবে তাদের প্রশান্ত মহাসাগরীয় উপকূলের বেশ কয়েকটি এলাকার জন্য সুনামি সতর্কতা জারি করেছে এবং স্থানীয় সময় সকাল ১১:৩০ থেকে বিচ্ছিন্ন কিছু এলাকায় এক মিটার (তিন ফুট) পর্যন্ত উঁচু ঢেউয়ের পূর্বাভাস দিয়েছে।
মিন্দানাওয়ের রাজধানী দাভাও শহরে একজন স্থানীয় দুর্যোগ আধিকারিক জানিয়েছেন, কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে হালনাগাদ তথ্য জানাবে।


No comments:
Post a Comment